মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হলেন কেভিন ম্যাকার্থি

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হয়েছেন কেভিন ম্যাকার্থি। অনেক কাঠখড় পুড়িয়ে ১৫ দফা ভোটাভুটির পর স্পিকার নির্বাচিত হয়েছেন রিপাবলিকান পার্টির এই নেতা।

আজ শনিবার ম্যাকার্থির পক্ষে ভোট পড়েছে ২১৬টি। তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক নেতা হাকিম জেফ্রিস পেয়েছেন ২১২ ভোট। প্রতিনিধি পরিষদের আরও ছয় সদস্য প্রেজেন্ট ভোট দিয়েছেন।

রিপাবলিকানরা সদস্যরা এর আগে কেভিন ম্যাকার্থিকে মনোনীত করতে সম্মত হয়েছিলেন। শেষ মুহূর্তে দলটির কয়েকজন নেতা সমর্থন প্রত্যাহারের হুমকি দিলে ৫৭ বছর বয়সী এ নেতার ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ে। এ নিয়ে কয়েক দিনের অচলাবস্থার পর শুক্রবার রাতে চরম নাটকীয়তা সৃষ্টি হয়।

সিএনএনের তথ্য মতে, যুক্তরাষ্ট্রের ইতিহাসে পঞ্চম দীর্ঘতম প্রতিযোগিতার পর হাউজ স্পিকার নির্বাচিত হয়েছেন কেভিন ম্যাকার্থি। তার বিজয়ে মার্কিন কংগ্রেসে ১৬৪ বছরের মধ্যে দীর্ঘতম অচলাবস্থার অবসান ঘটলো।

ফল ঘোষণার সময় প্রতিনিধি পরিষদকর্তা শেরিল জনসন বলেন, অবশেষে, কেভিন ম্যাকার্থি সংখ্যাগরিষ্ঠ ভোটে হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার নির্বাচিত হয়েছেন।

নতুন স্পিকারকে অভিনন্দন জানিয়েছেন রিপাবলিকান নেতা ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও অভিনন্দন জানিয়েছেন।

Comments (0)
Add Comment