ভূমিকম্পে সিরিয়া-তুরস্কে মৃত্যুর মিছিল বাড়ছেই, নিহত আড়াই হাজার ছাড়িয়ে

শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা আড়াই হাজার ছাড়িয়েছে। এর মধ্যে শুধু তুরস্কে নিহতের সংখ্যা এক হাজার ৬০০ জনেরও বেশি। আহত হয়েছেন আরো বহু মানুষ। এখনো নিখোঁজ অনেকে। এসব মানুষের বেশির ভাগই ভূমিকম্পে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। ফলে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। খবর এপি, বিবিসি।

রিখটার স্কেলে ৭.৮ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে সোমবার ভোরে। ঘড়ির কাঁটা স্থানীয় সময় ৪টার ঘরে। তীব্র শীতের এই সময়টাতে ঘুমের রাজ্যে ছিলেন অধিকাংশ মানুষ। ঠিক সেই মুহূর্তে কেঁপে ওঠে তুরস্ক এবং সিরিয়ার অধিকাংশ এলাকা। প্রতিবেশী লেবানন, ইসরায়েল, ফিলিস্তিন ও সাইপ্রাসও কেঁপে ওঠে সেই ভূমিকম্পে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) দেওয়া তথ্য অনুযায়ী, কম্পনের উৎপত্তিস্থল দুদেশের সীমান্তবর্তী গাজিয়ানতেপ শহরের কাছে ভূপৃষ্ঠের ১৭ দশমিক ৯ কিলোমিটার (১১ মাইল) গভীরে। ভোর বেলা উঠে তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী মানুষেরা যেন নিজেদের আবিষ্কার করলেন এক মৃত্যুপুরীতে। দেড় মিনিট স্থায়ী ভূমিকম্পে চারদিক ধ্বংসস্তূপ।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ১০টি প্রদেশে ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৬০০ পেরিয়েছে। অন্যদিকে সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সরকার নিয়ন্ত্রিত এলাকাগুলোতে নিহত হয়েছেন ৫৪০ জন। আর বিদ্রোহীরা নিয়ন্ত্রিত এলাকাগুলোতে মারা গেছেন ৩৮০ জন। শত শত মানুষ এখনো ধসে পড়া ভবনে আটকা আছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

এদিন ভোরে কম্পনের জেরে হুড়মুড়িয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়তে থাকে একের পর এক বহুতল এবং বাড়ি। সেই বাড়িগুলির নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছে বহু মানুষের।

আটকা পড়েছেন অনেকেই। সময়ের সঙ্গে সঙ্গে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। ভূমিকম্প বিধ্বস্ত দুই দেশের হাসপাতালগুলিতে উপচে পড়ছে মৃতদেহ। চারিদিকে শুধু কান্নার রব উঠেছে। এক দিন আগেও যেগুলো বহুতল ছিল, গতকাল সোমবারের ভূমিকম্পের পর তা কংক্রিট এবং স্টিলের রডের ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, আমরা ঠিক জানি না মৃতের সংখ্যা কততে গিয়ে ঠেকবে। কারণ আমরা এখনও ধ্বংসস্তূপগুলো পরিষ্কার করছি। আমরা শুধু প্রত্যাশা করতে পারি যে মৃতের সংখ্যা খুব বেশি যাতে না বাড়ে।

এরদোগান জানান, তুরস্কে প্রায় ৩ হাজার ভবন ধসে পড়েছে। যার মধ্যে ইস্কানদেরুনে একটি হাসপাতালও আছে।

অন্যদিকে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার অবস্থা আরো বেহাল। দেশটির বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোর অধিকাংশ ভবন এমনিতেই বোমা হামলায় ইতোমধ্যে ধ্বংস হয়ে গিয়েছে। এর মধ্যে ভূমিকম্পে ধসে পড়া ভবনগুলোর বাসিন্দাদের খোলা আকাশ থাকা ছাড়া বিকল্প উপায় নেই। হাসপাতালগুলো ইতোমধ্যে আহত মানুষে পরিপূর্ণ। হতাহতদের অধিকাংশই আলেপ্পো, লাতাকিয়া, হামা ও তারতুস প্রদেশের বাসিন্দা বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে।

অন্যদিকে দেশটির বিদ্রোহীদের সংগঠন সিরিয়ান সিভিল ডিফেন্স জানিয়েছে, তাদের নিয়ন্ত্রিত এলাকাগুলোর অবস্থা বিপর্যয়কর। বিশেষ করে বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব ও আজমারিনে অবস্থা ভয়াবহ। আজমারিনে অনেক স্থানে কাগজে মোড়ানো লাশ দেখা গেছে। যাদের অধিকাংশই শিশু।

গত ৮৪ বছরে তুরস্কে এমন ভূমিকম্প হয়নি। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ভূকম্পনবিদ স্টিফেন হিকস বলেন, এর আগে ১৯৩৯ সালের ডিসেম্বরে তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়েছিল। ওই সময় ৩০ হাজার মানুষের প্রাণহানি ঘটে। সিরিয়ার জাতীয় ভূকম্পন কেন্দ্রের প্রধান রায়েদ আহমেদ রাষ্ট্রীয় বেতার স্টেশনকে বলেন, ‘আমাদের এই কেন্দ্রের ইতিহাসে এটি সবচেয়ে বড় ভূমিকম্প।’ ১৯৯৫ সালে কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের গাজিয়ানতেপ শহরের কাছে। বিবিসি ও আল–জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, এখানে রয়েছে পূর্ব আনাতোলিয়ান ফল্ট। তুরস্কের দক্ষিণ–পূর্ব সীমান্তের দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পশ্চিম বরাবর এই ফল্টের অবস্থান।

পূর্ব আনাতোলিয়ান ফল্টকে বহু আগে থেকেই খুবই বিপজ্জনক উল্লেখ করে সতর্ক করে আসছেন বিশেষজ্ঞরা। তুরস্কের ইতিহাসে ভয়াবহ বেশ কয়েকটি ভূমিকম্পের জন্য দায়ী এই পূর্ব আনাতোলিয়ান ফল্ট। ১৮৮২ সালের ১৩ আগস্টে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে এখানে। ওই ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি হয়েছিল।

Comments (0)
Add Comment