তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে

৭ দশমিক ৮ মাত্রার প্রলয়ংকরী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়ে গেছে। এক সপ্তাহের বেশি অতিবাহিত হলেও এখনো হতাহতের চূড়ান্ত সংখ্যা পাওয়া যায়নি। ধ্বংসস্তূপের নিচে প্রতিদিনই পাওয়া যাচ্ছে মরদেহ।

তুর্কি ও সিরিয়ার কর্মকর্তাদের বরাত দিয়ে এবিসি নিউজ জানায়, গতকাল মঙ্গলবার দুই দেশে মৃতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৪১ হাজার ২১৯-এ দাঁড়িয়েছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান জানান, তার দেশে ৩৫ হাজার ৪১৮ মানুষ নিহত হয়েছে।

অন্যদিকে সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় এবং একাধিক বিভাগের সম্মিলিত পরিসংখ্যান অনুসারে, উত্তর-পশ্চিম সিরিয়ায় সরকার ও বিদ্রোহী-নিয়ন্ত্রিত এলাকায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ হাজার ৮০১ জন।

গত ৬ ফেব্রুয়ারি ভোরে তুরস্ক ও সিরিয়ায় ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এরপর দুপুর নাগাদ আরেকটি ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প। এই সময় বিস্তীর্ণ এলাকা কেঁপে উঠে। জাতিসংঘের তথ্য অনুসারে এই প্রাকৃতিক দুযোর্গে দুই কোটি ৬০ লাখের বেশি মানুষ সরাসরি প্রভাবিত হয়েছে। বর্তমানে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।

Comments (0)
Add Comment