তুরস্কে ভূমিকম্প: ভবন নির্মাণে অনিয়মে গ্রেফতার ১৮৪

ভূমিকম্পে ধসে পড়া ভবন নির্মাণে দুর্নীতি ও অনিয়মে জড়িত সন্দেহে ১৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আরও ছয় শতাধিকের বিরুদ্ধে তদন্ত চলছে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

৬ ফেব্রুয়ারি ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় কয়েক হাজার ভবন ধসে পড়ে। দুই দেশ মিলিয়ে নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে।

শনিবার তুরস্কের বিচার মন্ত্রী বেকির বোজদাগ বলেন, নির্মাণ ঠিকাদার এবং সম্পত্তির মালিকসহ ১৮৪ জন সন্দেহভাজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে।

দুই সপ্তাহ আগে কর্তৃপক্ষ বলেছিল, ১১৩টি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আইন মন্ত্রীর এই মন্তব্যের পর চলমান তদন্তের দ্রুততার সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছে।

যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে একজন মেয়র আছেন বলেও স্থানীয় সংবাদ মাধ্যমে খবর প্রকাশ পেয়েছে।

গত কয়েক বছর ধরেই বিশেষজ্ঞরা তুরস্ক সরকারকে সতর্ক করে দিয়ে বলছিলেন, দেশটিতে স্থানীয়ভাবে ভবন নির্মাণের সময় ‍অনিয়ম ও দুর্নীতি এবং সরকারের কৌশলে ফাঁক থাকার কারণে নতুন নতুন ভবনগুলো প্রয়োজনীয় নিরাপত্তা শর্ত পূরণ না করেই তৈরি হচ্ছে।

বিবিসি জানায়, ভূমিকম্পে তুরস্কে ১৬ হাজারের বেশি ভবন ধসে পড়েছে বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিশ্বে সবচেয়ে ভূমিকম্পপ্রবণ এলাকায় তুরস্কের অবস্থান হওয়ায় দেশটিতে নিয়মিতই প্রাকৃতিক এই ‍দুর্যোগ আঘাত হানে। দেশটির আইন অনুযায়ী সেখানে ভূমিকম্প সহনীয় করে ভবন নির্মাণ করতে হয়।

তুরস্কের নাগরিকরা দুর্নীতিগ্রস্ত ভবন নির্মাণ প্রক্রিয়া ও নীতিমালার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন। অনেকেই ভূমিকম্পে এতো হতাহতের জন্য এসব বিষয়কে দায়ী করছেন।

এছাড়া বিরোধী দলগুলো ও নির্মাণ বিশেষজ্ঞরাও সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলে বলছে, সরকার ভবন নির্মাণ সংক্রান্ত নিয়মের বাস্তবায়নে ব্যর্থ হয়েছে।

প্রেসিডেন্ট এরদোগান সরকারের এসব ত্রুটি স্বীকার করে নিয়েছেন। তিনি বলেন, ‘‘এ ধরণের ঘটনা সব সময়ই ঘটে। এটা আমাদের নিয়তির অংশ।”

তুরস্কের ২০ লাখেরও বেশি বাস্তুচ্যুত মানুষকে তাঁবু, অস্থায়ী বাড়ি ও অন্যান্য জায়গায় আশ্রয় দেওয়া হচ্ছে বলে জানিয়েছে তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

সংস্থাটি আরও জানায়, ভূমিকম্প দুর্গত এলাকায় ৩ লাখ ৩৫ হাজার তাঁবু খাটানো হয়েছে এবং ১৩০টি জায়গায় অস্থায়ী বাড়ি তৈরি করা হয়েছে। দুর্গত অঞ্চল থেকে ৫ লাখ ৩০ হাজার মানুষকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে।

Comments (0)
Add Comment