বাংলাদেশ গুরুত্বপূর্ণ রাজনৈতিক, বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদার : বেলারুশ পররাষ্ট্রমন্ত্রী

বেলারুশ বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক, বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদার বলে মনে করে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই আলেইনিক। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি এ তথ্য জানান।

আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থে‌কে পাঠা‌নো এক বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জানানো হয়।

অভিনন্দন বার্তায় বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিগত বছরগুলোতে দুই দেশ রাজনৈতিক পরামর্শ, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার জন্য যৌথ বেলারুশ-বাংলাদেশ কমিশনসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক যোগাযোগের কার্যকর ব্যবস্থা গড়ে তুলেছে।’

উভয় দেশ তাদের ফরেন অফিসের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দুদেশের জনগণের কল্যাণে গঠনমূলক সংলাপ এবং দ্বিপাক্ষিক অংশীদারিত্বের প্রসার অব্যাহত রাখবে বলেও আশা প্রকাশ করেন সের্গেই আলেইনিক।

অভিনন্দন বার্তায় বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে ড. এ কে আব্দুল মোমেনকে অভিনন্দন জানিয়েছেন বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী। সেই সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেছেন সের্গেই আলেইনিক।

 

Comments (0)
Add Comment