চীনের উত্তরাঞ্চল জুড়ে রেকর্ড বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা ৭৮-এ পৌঁছেছে। আগামীতে আরো ভয়াবহ বন্যা ও ঝড়ের আশঙ্কা প্রকাশ করছে দেশটির কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে এসব তথ্য জানায় এনডিটিভি।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, গতকাল বৃহস্পতিবার পর্যন্ত হেবেই প্রদেশেই মারা গেছেন ২৯ জন। এছাড়া ১৬ জন নিখোঁজ রয়েছেন।
রাজধানী বেইজিংয়ে দুই উদ্ধারকর্মীসহ অন্তত ৩৩ জন মারা গেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
গত সপ্তাহে প্রবল বৃষ্টিতে উত্তর-পূর্ব জিলিন প্রদেশে ১২ জনেরও বেশি নিহত হয়েছে। প্রতিবেশী লিয়াওনিং প্রদেশে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
উদ্ধারকারীরা বন্যায় ভেসে যাওয়া লোকদের সন্ধান অব্যাহত রেখেছে।
দুই সপ্তাহ আগে ঘুর্ণিঝড় ডাকসুরি চীনের মূল ভূখণ্ডে আঘাত হানে। এরপর ৪০ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বৃষ্টিপাত দেখে চীন।
সপ্তাহান্তে আরেকটি ঝড় ‘খানুন’ দেশটির দিকে এগিয়ে আসছে বলে জানা গেছে।
খানুন এগিয়ে আসায় আবারো ভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। চীনের উত্তরাঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। প্রধান নদীপথগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়াজনিত দুর্যোগগুলো চরম আকার ধারণ করেছে।