জঙ্গি সংগঠনে নটরডেমের শিক্ষার্থী, চিকিৎসক ও চীনফেরত প্রকৌশলী

দুই দফায় মৌলভীবাজারের কুলাউড়া থেকে দুদফায় ইমাম মাহমুদ কাফেলার ২৭ জঙ্গিকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম ইউনিট (সিটিটিসি)। সংস্থাটি জানায়, জ‌ঙ্গি আস্তানায় গ্রেপ্তার ২৭ জঙ্গির মধ্যে নটরডেম কলেজের শিক্ষার্থীসহ চীনফেরত প্রকৌশলী ও চিকিৎসকও রয়েছেন। তারা সবাই নতুন জঙ্গি সংগঠন ‘ইমাম মাহমুদ কাফেলার’ সদস্য।

বিষয়টি নিশ্চিত করেছেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান।

সিটিটিসি প্রধান বলেন, কুলাউড়া থেকে গত ১২ ও ১৪ আগস্ট দুদফায় ইমাম মাহমুদ কাফেলার ২৭ জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। এর মধ্য দুজন চীনফেরত প্রকৌশলী ও একজন চিকিৎসক রয়েছেন। রাহাত মণ্ডল ও মেহেদী হাসান ওরফে মুন্না চীনের ইয়াংজু বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক করেন; আর সোহেল তানজিম সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক।

সিটিটিসি জানায়, রাহাত ও মুন্না চীনেই থাকতেন। সম্প্রতি দেশে ফিরে বিমানবন্দর থেকে নিজ বাড়ি না ফিরে সোজা চলে যান সিরাজগঞ্জে জঙ্গি সংগঠন ‘ইমাম মাহমুদ কাফেলা’র অন্যতম সদস্য চিকিৎসক সোহেল তানজিমের কাছে।

চীনে লেখাপড়ার সময় সোহেল তানজিমের সঙ্গে তাদের যোগাযোগ ছিল। পরে সোহেলের সঙ্গে তারা কুলাউড়ার টাট্টিউলি এলাকার আস্তানায় চলে যান। সোহেল সংগঠন থেকে মাসে এক লাখ টাকা বেতন পেতেন।

এদিকে, ১৪ আগস্ট আটক ১৭ জনের মধ্যে এক কিশোরও রয়েছে। সে যশোর জিলা স্কুল থেকে এসএসসি পরীক্ষায় গোল্ডেন ফাইভ পেয়ে ঢাকার নটরডেম কলেজে ভর্তি হয়। দ্বাদশ শ্রেণিতে উঠে জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িয়ে যায় সে। পরে স্বজনদের ছেড়ে জঙ্গি আস্তানায় চলে আসে।

এর আগে, গত ১৪ আগস্ট মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কালো পাহাড়ে অভিযান চালিয়ে ১৭ জঙ্গিকে আটক করে সিটিটিসি।

তার ও আগে, ১২ আগস্ট কুলাউড়ায় ‘অপারেশন হিলসাইডে’ ১০ জঙ্গিকে গ্রেপ্তার করা হয়।

Comments (0)
Add Comment