গাজায় নিহতের সংখ্যা বেড়ে ১৯০০

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ১৯০০ জন নিহত হয়েছেন।

আজ শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এতথ্য জানানো হয়।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ১৯০০ ছুঁয়েছে।

মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৬৯৬ জন। তিনি আরও বলেন, নিহত ও আহতদের মধ্যে ৬০ শতাংশ নারী ও শিশু।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, গাজায় শুক্রবার থেকে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী জানায়, শুক্রবার ইসরায়েলের পদাতিক বাহিনী ও ট্যাঙ্ক গাজা উপত্যকায় প্রবেশ করেছে। হামলা থেকে রক্ষা পেতে নারী–শিশুসহ পরিবারের সদস্যদের নিয়ে পালাচ্ছেন মানুষ। অনেকে হেঁটেই পাড়ি দিচ্ছেন মাইলের পর মাইল। সঙ্গে নিয়েছেন পোষা গরু, উট, ভেড়া আর গাধা। যতটুকু সম্ভব, তা নিয়েই অনিশ্চয়তার যাত্রা শুরু করেছেন তারা।

টানা সাত দিন ধরে নির্বিচারে হামলার মধ্যে শুক্রবার গাজার উত্তরাঞ্চলের বাসিন্দাদের ‘নিজেদের নিরাপত্তার জন্য’ দক্ষিণে সরে যেতে বলেছে ইসরায়েলের সামরিক বাহিনী। সময় বেঁধে দেওয়া হয়েছে মাত্র ২৪ ঘণ্টা। এর পর থেকেই প্রাণভয়ে উত্তরাঞ্চল ছাড়তে শুরু করেছেন গাজাবাসী।

Comments (0)
Add Comment