গাজায় চার দিনের যুদ্ধবিরতি এবং ১৫০ ফিলিস্তিনি নারী ও কিশোরকে মুক্তির শর্ত অনুযায়ী আজ শুক্রবার ২৫ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। মুক্তি পাওয়া জিম্মিদের মধ্যে ১২ জন থাইল্যান্ডের নাগরিক, বাকিরা ইসরায়েলের।
গতকাল শুক্রবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী, ইসরাইলের সংবাদমাধ্যম ও হামাসের সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
ইসরাইলের প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির চুক্তির আওতায় হামাস শুক্রবার সন্ধ্যার দিকে ১৩ জন ইসরাইলি জিম্মিকে ছেড়ে দিয়েছে। তারা বর্তমানে রাফাহ সীমান্ত হয়ে মিসরের পথে রয়েছেন বলেও জানানো হয়েছে।
এদিকে থাইল্যান্ডের ১২ জনকে মুক্তি দেওয়ার বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন এক টুইটে বলেছেন, ‘নিরাপত্তা কর্তৃপক্ষ এবং পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে ১২ জন থাই জিম্মিকে ইতিমধ্যেই মুক্তি দেওয়া হয়েছে।’
যুদ্ধবিরতি চুক্তির আওতায় শুক্রবার ২৫ জন জিম্মিকে মুক্তি দেওয়ার বিষয়টি হামাস সূত্র থেকেও নিশ্চিত হওয়া গেছে। হামাসের সঙ্গে সংশ্লিষ্টতা আছে এমন দুটি সূত্র জানিয়েছে, শুক্রবার হামাস কিছু জিম্মিকে রেডক্রসের (আন্তর্জাতিক দাতব্য সংস্থা) কর্মকর্তাদের হাতে তুলে দিয়েছে। রাফাহ সীমান্ত হয়ে এসব মানুষ প্রথমে মিসর যাবেন, সেখান থেকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।
যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী ইসরাইলের বিভিন্ন কারাগার থেকে ৩৯ জন ফিলিস্তিনি বন্দিকে আজ ছেড়ে দেওয়া হবে বলে ইসরাইলি সূত্রে জানা গেছে। যে কোনো সময় তাদের ছাড়া হতে পারে।
স্থানীয় সময় শুক্রবার সকালে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। ইসরাইল ও হামাসের মধ্যে হওয়া চুক্তি অনুযায়ী এ যুদ্ধবিরতি থাকবে চার দিন। চুক্তির শর্তে ছিল, এই চার দিন সময়ের মধ্যে হামাস অন্তত ৫০ জন জিম্মিকে ছেড়ে দেবে এবং ইসরাইল ১৫০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে।