খুলনায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৫

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ইটবাহী ট্রাকের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে।

আজ শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নের আংগারদোহা কালভার্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খর্নিয়া ইউনিয়নের আংগারদোহা গ্রামের সাব্বির মোড়ল (২৩), শোভনা ইউনিয়নের জিয়েলতলা গ্রামের ইজিবাইকচালক বিশ্বজিৎ বিশ্বাস (৩০), গুটুদিয়া ইউনিয়নের বিল পাবলা গ্রামের নিপা ঢালী (২৫), অনি বিশ্বাস (২) ও অজ্ঞাত নারী (২৬)।

ডুমুরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা জানান, ট্রাক ও যাত্রীবাহী ইজিবাইকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া হাসপাতালে নেওয়ার পর আরও তিনজন মারা গেছেন।

Comments (0)
Add Comment