রানওয়ে ছাড়তেই আগুন ধরে গেল আমেরিকার বিমানে!

ব্রাজিলের সাও পাওলো বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই ডেল্টা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের ইঞ্জিনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রানওয়ে ছেড়ে আকাশে ডানা মেলার মুহূর্তেই বিমানটির ইঞ্জিনে আগুন ধরে যায়।
তবে আশ্চর্যের বিষয় হলো, দাউ দাউ করে আগুন জ্বলা অবস্থাতেই বিমানটি উড়তে শুরু করেছিল এবং পাইলট বিষয়টি প্রথমে টেরই পাননি।
বিমানের ভেতরে তখন ২৭২ জন যাত্রী এবং ক্রু সদস্য ছিলেন।
আমেরিকার আটলান্টার উদ্দেশ্যে রওনা হওয়া ডেল্টা-১০৪ ফ্লাইটটি যখন বিপদ নিয়ে আকাশে উড়ছে, ঠিক তখনই এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) নজরে আসে আগুনের বিষয়টি।
কালক্ষেপণ না করে এটিসি থেকে পাইলটকে সতর্ক করে বলা হয়, “ডেল্টা ১০৪, আপনার বিমানের ডানায় আগুন দেখা যাচ্ছে!”
পাইলট তাৎক্ষণিক বিপদ বুঝতে পেরে দ্রুত জরুরি অবতরণের অনুমতি চান।
বিমানবন্দরে তড়িঘড়ি করে জরুরি অবস্থা ঘোষণা করা হয় এবং রানওয়েতে প্রস্তুত রাখা হয় ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স। ফ্লাইট ট্র্যাকিংয়ের তথ্য অনুযায়ী, আগুন নিয়ে বিমানটি প্রায় ৯ মিনিট আকাশে ছিল।
তবে শেষ পর্যন্ত বড় ধরনের কোনো দুর্ঘটনা ছাড়াই পাইলট বিমানটিকে নিরাপদে অবতরণ করাতে সক্ষম হন।
ডেল্টা এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।
তবে আসল কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। স্বস্তির বিষয় হলো, বিমানে থাকা সকল যাত্রী ও ক্রু সম্পূর্ণ সুরক্ষিত এবং নিরাপদ আছেন।
Comments (0)
Add Comment