সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সন্দেহভাজনরা যুক্তরাষ্ট্রের করদাতা এবং খেলাপিদের তালিকা সংগ্রহ করতো। এরপর তাদের নানা প্রলোভন, শাস্তি ও জরিমানার ভয় দেখিয়ে ব্যাংক হিসাব সংক্রান্ত যাবতীয় তথ্য সংগ্রহ করত। এরপর সেখান থেকে অর্থ সরিয়ে নিত।
এই জালিয়াত চক্র দৈনিক অন্তত এক কোটি রুপি (দেড় লাখ মার্কিন ডলার) এভাবে হাতিয়ে নিচ্ছিল বলে ধারণা করছেন কর্মকর্তারা। ভারতের ইতিহাসে সবচেয়ে বড় জালিয়াতির ঘটনা এটি।
থানে পুলিশ কর্মকর্তারা জানান, সাহায্যের জন্য ভুক্তভোগীরা মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এর সঙ্গেও যোগাযোগ করেছেন।
পুলিশ আরো জানিয়েছে, আটকদের মধ্যে ৭০ জনকে সুনির্দিষ্ট অভিযোগে গ্রেফতার করা হয়েছে ও প্রয়োজনে আরো জিজ্ঞাসাবাদ করা হবে এ শর্তে বাকিদের ছেড়ে দেয়া হয়েছে। এ ঘটনায় নেতৃত্বদানকারী নয় ব্যক্তিকে চিহ্নিত করা গেছে বলে দাবি পুলিশের।
জালিয়াত চক্রের সদস্যরা নিজেদের ‘ইউএস ইন্টারনাল রেভিনিউ সার্ভিস’ এর সদস্য বলে পরিচয় দিয়ে মার্কিন করদাতাদের অর্থ হাতিয়ে নিত।
পুলিশ জানায়, কিছু ক্ষেত্রে ভুক্তভোগীরা প্রতারিত হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে গিফট ভাউচার কিনে এবং ভাউচারগুলোর আইডি নম্বর প্রকাশ করে। প্রতারকরা নম্বরসহ এগুলো কিনে।
হাতিয়ে নেয়া অর্থের ৭০ শতাংশ নেয় ভরতীয় প্রতারকরা আর ৩০ শতাংশ পাঠিয়ে দেয় তাদের মার্কিন সহযোগীদের কাছে।
থানে থানার পুলিশ কমিশনার পরমবীর সিং জানান, আটকদের কাছ থেকে ৮৫১টি কম্পিউটার হার্ডডিস্ক, উচ্চমানের সার্ভার এবং বেশ কিছু ইলেক্ট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে।
এ অভিযান বুধবার (৫ অক্টোবর) রাতে শুরু হয়ে শেষ হয় বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে। এ সময় শহরের তিন জায়গার বিভিন্ন ভবনে ২শ’র বেশি পুলিশ অভিযান চালায়।
এ ব্যাপারে মার্কিন পররাষ্ট দপ্তরের কর্মকর্তা জানান, তারা এ মামলার রিপোর্টগুলো দেখেছেন। মার্কিন নাগরিকের সম্পৃক্ততার বিষয়টি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। এ বিষয়ে আরো তথ্য জানতে পারলে তারা ভারতে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাঠাবেন বলে জানিয়েছেন।