ব্রাজিলের কারাগারে সংঘর্ষে নিহত অন্তত ২৫

ব্রাজিলের উত্তরাঞ্চলীয় এক জনাকীর্ণ কারাগারে দুই প্রতিদ্বন্দ্বী দলের মধ্যে সংঘর্ষের কারণে অন্তত ২৫ কারাবাসী নিহত হয়েছেন। তথ্যটি নিশ্চিত করেছেন ওই কারাগারের এক পুলিশ কর্মকর্তা।

তিনি জানান, নিহতদের মধ্যে সাতজনকে শিরোশ্ছেদ করা হয়েছে ও ছয়জনকে পুড়িয়ে মারা হয়েছে।

ঘটনাটি ঘটে ব্রাজিলের রোরাইমা প্রদেশের রাজধানী বোয়া ভিস্তায় দর্শনার্থীদের প্রবেশের সময়। এ সময় ১০০ জনের মতো দর্শনার্থীকে জিম্মি করা হয়। পরে সংঘর্ষ শেষ হলে তাদের ছেড়ে দেয়া হয়েছে।

ক্যাপ্টেন ফকনার ফেরেইরা জানান, এক দলের বন্দীরা তাদের প্রতিদ্বন্দ্বী দলের বন্দীদের দখলকৃত অংশ ভেঙ্গে ফেললে সংঘর্ষ শুরু হয়।

এক প্রত্যক্ষদর্শী জানান, বন্দীদের কাছে চাকু ও কাঠের লাঠি ছিল। কারাগারটিতে বন্দী ধারণ ক্ষমতা ৭৪০ হলেও বন্দী ছিল ১ হাজার ৪০০ জন।

Comments (0)
Add Comment