যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮। প্রাথমিকভাবে এই ভূমিকম্পের মাত্রা ৭ দশমিক ৪ বলে জানানো হয়েছিল। ভুমিকম্পের পর সুনামির আঘাত হানে। তবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এদিকে দেশটির সিভিল ডিফেন্স মন্ত্রণালয়ের এক টুইটে বলা হয়েছে, ‘সুনামির সৃষ্টি হয়েছে। প্রথম ঢেউ ইতোমধ্যে সাউথ আইল্যান্ডের উত্তর-পূর্ব উপকূলে আঘাত হেনেছে।’
আরও কয়েকটি ঢেউ উপকূলে আঘাত হানতে পারে জানিয়ে উত্তর, পূর্ব ও দক্ষিণ উপকূল এবং চাথাম আইল্যান্ডের বাসিন্দাদের উঁচু এলাকায় সরে যেতে বলেছে দেশটির সিভিল ডিফেন্স মন্ত্রণালয়।
বার্তা সংস্থা এএফপি জানায়, ভূমিকম্পের ফলে অনেক এলাকায় বৈদ্যুতিক ব্যবস্থা ও ফোন নেটওয়ার্ক বিপর্যস্ত হয়ে পড়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল বলে প্রায় সারা দেশেই ভূকম্পন অনুভূত হয়েছে। কেন্দ্রস্থলের আশপাশের এলাকায় বেশকিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভূমিকম্পের পর টুইট করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কি। তিনি বলেছেন, ‘আশা করছি সবাই নিরাপদে আছেন।’ দেশটির ন্যাশনাল সিভিল ডিফেন্স জানায়, ভূমিকম্পের পর প্রথম আসা সামুদ্রিক ঢেউ তেমন বড় ছিল না। কিন্তু সুনামি মোকাবিলার কার্যক্রম অব্যাহত থাকবে।
শক্তিশালী ভূমিকম্পের উপকেন্দ্র ছিল অ্যাম্বারলে থেকে ৪৬ কিলোমিটার উত্তর-উত্তর পশ্চিম, ক্রাইস্টচার্চ থেকে ৮৬ কিলোমিটার উত্তর-উত্তর পূর্বে; উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
এরপর ৪০ মিনিটের মধ্যে কাছাকাছি এলাকায় ৬.২ ও ৫.৭ মাত্রার আরও দুটি ভূমিকম্প অনুভূত হয়।
নিউজিল্যান্ডের দ্য হেরাল্ড পত্রিকা জানায়, এই ভূমিকম্প রাজধানী ওয়েলিংটন থেকেও অনুভূত হয়। রাজধানীতে বিপৎসংকেত হিসেবে সাইরেন বেজে ওঠে। ঘরবাড়ি ও ভবন কেঁপে ওঠে। আতঙ্কে মানুষজন রাস্তায় নেমে আসে।
বিবিসি’র খবরে বলা হয়, ভূমিকম্পের সময় রাজধানী ওয়েলিংটনের ভবনগুলোও কেঁপে ওঠে এবং আতঙ্কিত লোকজন ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে।
২০১১ সালে নিউজিল্যান্ডের ওই এলাকায় ৬.৩ মাত্রার ভূমিকম্পে পাহাড় ধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ওই ঘটনায় প্রায় ২০০ মানুষের মৃত্যু হয়েছিল।