জনসভা থেকে বেরিয়ে এসে লোকসভায় কেন প্রধানমন্ত্রী নোট বাতিল ইস্যু নিয়ে বলছেন না তা নিয়ে বহুদিন ধরেই বিরোধীরা সরব আছেন। প্রতিবারেই তা নিয়ে উত্তাল হয়ে ওঠে পার্লামেন্ট। এবার তাদেরকেই ঘুরিয়ে জবাব দিলেন মোদী। প্রধানমন্ত্রী বলেন, আমিও পার্লামেন্টে অনেক কিছু বলতে চাই। কিন্তু আমাকে বলতে দেওয়া হচ্ছে না। সুষ্ঠু আলোচনার পরিস্থিতি নষ্ট করা হচ্ছে। প্রতিদিন কোনও না কোনও কারণে ভেস্তে যাচ্ছে অধিবেশন। সে কারণেই আমি জনসভায় বলছি। এরপর নোট-বিতর্ক নিয়ে বিরোধীদের সমালোচনার জবাব দিতে গিয়ে তিনি বলেন, যারা টাকা নিয়ে দুর্নীতি করছেন তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। যে সমস্ত ব্যাংককর্মী বা অন্যেরা ভেবেছিলেন, পিছন দিক দিয়ে চোখে ধুলো দিয়ে কালো টাকা সাদা করে নেবেন তারা জেনে রাখুন, সব জায়গায় আমার ক্যামেরা লাগানো রয়েছে। তিনি জানান, তার এই পন্থা সন্ত্রাসের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। কারণ, কালো টাকাই তাদের যাবতীয় রসদ জোগাতো। এখন সেটাই বন্ধ হয়ে গেছে।