বিমানটির সহকারী পাইলটই ইচ্ছাকৃতভাবে বিমানটি ধ্বংস করেছেন বলে উদ্ধার করা ডেটা রেকর্ডার থেকে জানা গেছে। একজন ফরাসী তদন্ত কর্মকর্তা বলেছেন, ঘটনার সময় বিমানের পাইলট ককপিটের বাইরে গিয়েছিলেন। এ সময় কো পাইলট ককপিটের দরজা বন্ধ করে দেন। পাইলটের কোন ডাকে তিনি সাড়া দেননি। দেড়শ আরোহী নিয়ে কো-পাইলট আন্দ্রিয়াস লুবিৎয কেন স্বেচ্ছায় আল্পসের দিকে বিমান উড়িয়ে নিয়ে বিধ্বস্ত করলেন- এর জবাব খুঁজতে তাকে নিয়ে এখন চলছে নানা বিশ্লেষণ। ইতিমধ্যে লুবিৎয-এর বাড়ি গিয়ে তল্লাশি চালানো হয়েছে তবে সেখানে সন্দেহজনক কিছু চোখে পড়েনি তদন্তকারীদের। এ ছাড়া উগ্র কোনও গোষ্ঠীর সঙ্গেও তার কোনও সংশ্লিষ্টতার প্রমাণ এখনও পাওয়া যায়নি।
লুবিৎয-এর প্রতিবেশীরা বলেছেন, তিনি শান্ত ও বন্ধুবৎসল ছিলেন। তিনি এত বড় একটা কাণ্ড ঘটাতে পারেন- সেটি তাদের কাছে বোধগম্য নয়। গত মঙ্গলবার স্পেনের বার্সেলোনা থেকে ১৪৪ জন যাত্রী ও ৬ জন ক্রু নিয়ে জার্মানির ডুসেলডর্ফ যাওয়ার পথে বিমানের সহকারী চালক বিমানটিকে স্বেচ্ছায় উড়িয়ে নিয়ে আল্পসের পাথুরে পাহাড়ের গায়ে আছড়ে ফেলেন বলে তদন্ত কর্মকর্তারা বলেছেন। এতে বিমানটির সকল আরোহীর মৃত্যু হয়। সূত্র: বিবিসি