জাতীয় সঙ্গীতের সময় না দাঁড়ানোয় ভারতে বহু আটক

ভারতের একটি সিনেমা হলে সোমবার সকালে জাতীয় সঙ্গীতের সময় না দাঁড়ানোয় ১২ জনকে আটক করেছে পুলিশ। কেরালা রাজ্যের একটি ফিল্ম ফেস্টিভালে আটক এসব সিনেমাপ্রেমীদের পরে পুলিশ ছেড়ে দিলেও তাদের বিরুদ্ধে সরকারি আদেশ না মানার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

রোববার চেন্নাইয়ের আরেকটি সিনেমা হলে জাতীয় সঙ্গীতের সময় না দাঁড়ানোর কারণে আটজনকে নির্যাতন ও অপমান করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই আটজনের বিরুদ্ধেও পরে জাতীয় সঙ্গীতের প্রতি অসম্মান করার মামলা দায়ের করা হয়েছে।

গতমাসে ভারতের সুপ্রিম কোর্টের এক রায়ে বলা হয়, সিনেমা শুরুর আগে প্রতিটি সিনেমা হলকেই জাতীয় সঙ্গীত বাজাতে হবে এবং দর্শকদের অবশ্যই দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে।

গত এক সপ্তাহে ভারতের বিভিন্ন জায়গা থেকে একই ধরনের খবর পাওয়া যাচ্ছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, সুপ্রিম কোর্টের আদেশকে বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছে পুলিশ।

আটক হওয়া একজন ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, ‘ওই সময় দাঁড়ালে তার সিটটি বেদখল হয়ে যেত।’

সুপ্রিম কোর্টের এ আদেশে ভারতের হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপি খুশি হয়েছে। দলটি বহু আগে থেকেই এমন দাবি করে আসছিল। আর সিনেমা হলে জাতীয় সঙ্গীতের সময় না দাঁড়ানোয় এর আগেও দর্শকদের উপর নির্যাতনের খবর পাওয়া গিয়েছিল।

অক্টোবরে হুইলচেয়ারে সিনেমা দেখতে আসা এক দর্শক তার ওপর নির্যাতনের বর্ণনা দিয়েছিলেন। জাতীয় সঙ্গীতের সময় না দাঁড়ানোর কারণে পাশের দর্শকদের দুয়ো ধ্বনিও শুনতে হয়েছে তাকে।

Comments (0)
Add Comment