মঙ্গলবার কুয়ালালামপুরে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে মিয়ানমার বিষয়ে ওআইসির বিশেষ দূত সাঈদ হামিদ আলবার বলেন, কম্বোডিয়া ও রুয়ান্ডার মতো যেন এখানে আরেকটি গণহত্যা না ঘটে।
সংখ্যালঘু রোহিঙ্গাদের বিষয়ে করণীয় নিয়ে আলোচনা করতে আগামীকাল বৃহস্পতিবার কুয়ালালামপুরে ওআইসির এক বিশেষ বৈঠক ডেকেছে মালয়েশিয়া। বৈঠকের ঠিক আগে সাঈদ হামিদ জাতিসংঘের প্রতি এ আহ্বান জানান। নিয়ে এ সংস্থা গঠিত। ৫৭টি মুসলিম দেশ নিয়ে এ সংস্থা গঠিত।
সাঈদ হামিদ বলেন, গত বছরের ৯ অক্টোবর শুরু হওয়া এ সহিংসতায় এখন পর্যন্ত ৮৬ জন নিহত হয়েছে। প্রতিবেশী দেশ বাংলাদেশে পালিয়ে গেছে ৬৬ হাজার লোক। তাই এখন আর এটি দেশটির অভ্যন্তরীণ বিষয় নয়। এখন এটি আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
শরণার্থী, স্থানীয় লোকজন ও মানবাধিকার গ্রুপগুলোর ভাষ্য, মিয়ানমারের সেনারা হত্যা, রোহিঙ্গা নারীদের ধর্ষণ করছে ও বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে।
মিয়ানমারের নিরাপত্তা বাহিনী গত অক্টোবর থেকে শুরু করা কথিত সন্ত্রাসী দমন অভিযানে শতাধিক রোহিঙ্গা মুসলমানকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। প্রাণে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নিয়েছে কয়েক হাজার রোহিঙ্গা। মিয়ানমারের সরকার অবশ্য রাখাইন রাজ্যে কোনো ধরনের হত্যা-নির্যাতন চালানোর কথা অস্বীকার করেছে।
মিয়ানমার প্রেসিডেন্ট কার্যালয়ের মুখপাত্র জো হেতে জানান, তাঁরা ওআইসির বৈঠকে যাবেন না। কারণ, তারা কোনো ইসলামি রাষ্ট্র নয়। এরই মধ্যে গত ডিসেম্বরে আসিয়ান বৈঠকে দেশটি নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন বলে উল্লেখ করেন তিনি।
জো হেতে বলেন, জাতিসংঘের হস্তক্ষেপ স্থানীয় লোকজনের অবাঞ্ছিত প্রতিরোধের মুখে শেষ হয়ে যাবে। তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকতে হবে এবং আমাদের দেশের সংঘাতময় পরিস্থিতিকে বিশদভাবে বুঝতে হবে।
মিয়ানমার নিয়ে মালয়েশিয়ার অবস্থানের সমালোচনা করেন সাঈদ। সাঈদ বলেন, দেশটির উচিত ‘উগ্রবাদ ও সহিংসতাকে উসকে না দিয়ে’ নিজেদের রাজনৈতিক সংকটের সমাধানে মন দেওয়া।