মিয়ানমার থেকে আসা ৮০ শতাংশ রোহিঙ্গা নারীই ধর্ষণের শিকার

মিয়ানমারের রাখাইন প্রদেশে সেনা নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আসা ৮০ শতাংশ রোহিঙ্গা নারী মিয়ানমারেই ধর্ষণের শিকার হয়েছেন বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে জানিয়েছেন বাংলাদেশে সফররত কফি আনান কমিশনের সদস্যরা।

মঙ্গলবার বিকেলে সচিবালয়ে মন্ত্রণালয়ে নিজ কক্ষে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে কমিশন সদস্যরা এসব তথ্য জানান। সাক্ষাৎ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে ঢাকায় নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মিলিত হন কমিশনের সদস্যরা।

বৈঠক শেষে আনান কমিশনের সদস্য লেবানিজ নাগরিক ঘাসান সালামে বলেন, একমাত্র ধর্মীয় কারণে নিপীড়নের ফলেই যে রোহিঙ্গারা বাংলাদেশে চলে এসেছেন তা নয়। এটার সঙ্গে রোহিঙ্গা সংকটের অন্যান্য বিষয়গুলোও আমরা প্রয়োজনে অন্য প্রতিবেশী দেশের সঙ্গে আলোচনা করব।

মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ড. ইমতিয়াজ আহমেদ বলেন, কমিশনের সুপারিশ রাতারাতি বাস্তবায়িত হয় না। তবে কমিশনের প্রতিবেদনে কী থাকবে, সেটা আমরা জানি না। তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।

সভায় মিয়ানমারের কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। তারা বোঝানোর চেষ্টা করেন, এখান থেকে বিভিন্ন সময়ে বাংলাদেশীরা রাখাইন প্রদেশে গিয়েছেন। তবে বাংলাদেশের নাগরিক সমাজের প্রতিনিধিদের কড়া প্রতিবাদের মুখে চুপসে যান।

আনান কমিশনের প্রতিনিধি দলে রয়েছেন মিয়ানমারের নাগরিক উইন ম্রা ও আই লুইন এবং লেবানিজ নাগরিক ঘাসান সালামে।

এছাড়া মত বিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ড. মেঘনা গুহঠাকুরতা, পররাষ্ট্র সচিব এম শহীদুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক সৈয়দ আনোয়ার হোসেন, অভিবাসন-বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রিফিউজি এ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিটের (রামরু) অধ্যাপক সি আর আবরার প্রমুখ।

উল্লেখ্য, মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের অবস্থা সরেজমিনে দেখতে গত ২৮ জানুয়ারি বাংলাদেশে আসেন কফি আনান কমিশনের তিন সদস্য। ২৯ ও ৩০ জানুয়ারি উখিয়ার বালুখালি নতুন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন কমিশনের সদস্যরা।

Comments (0)
Add Comment