পূর্ব ইউক্রেনে সর্বোচ্চ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে মস্কো

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে মস্কো আরো বিমান প্রতিরক্ষা পদ্ধতি মোতায়েন করেছে বলে অভিযোগ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। গত বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়েহার্ফ এক বিবৃতিতে বলেছেন, রাশিয়া এবং বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীরা সম্মিলিতভাবে মিনস্ক চুক্তি লঙ্ঘন করে নিষিদ্ধ এলাকাগুলোতে কামান ও রকেট হামলা অব্যাহত রেখেছে এবং সর্বোচ্চ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। তিনি আরো বলেছেন, রুশ সেনাবাহিনী পূর্ব ইউক্রেন সীমান্তে বিমান প্রতিরক্ষা পদ্ধতি মোতায়েন করেছে। গত আগস্টের পর পূর্ব ইউক্রেনে মস্কোর এটিই সবচেয়ে বেশি পরিমাণ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের ঘটনা। মুখপাত্র হার্ফ আরো বলেন, পূর্ব ইউক্রেনের রুশপন্থি বিদ্রোহীদের যে সামরিক প্রশিক্ষণ চলছে এর সঙ্গেও জড়িত রয়েছে পুতিনের দেশ মস্কো। শুধু তাই নয়, ইউক্রেন সীমান্তেও বিপুল পরিমাণ সেনা জড়ো করেছে রাশিয়া। ২০১৪ সালের অক্টোবরের পর ওই সীমান্তে এটিই রুশ সেনাদের সবচেয়ে বড় ধরনের উপস্থিতি বলে উল্লেখ করেছেন তিনি। পাশাপাশি দেশটির বিরুদ্ধে ওই অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী বাহিনীকে সামরিক প্রশিক্ষণ দেয়া এবং সীমান্তে সেনা মোতায়েন করারও অভিযোগ করেছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে এ অভিযোগ সম্পর্কে এখনো কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি ক্রেমলিন। পশ্চিমা দেশগুলোর মধ্যস্থতায় গত ফেব্রুয়ারিতে মিনস্কে ইউক্রেনের সেনাবাহিনী এবং রুশপন্থি বিদ্রোহীদের মধ্যে ওই অস্ত্রবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ইউক্রেন বরাবরই বিদ্রোহীদের মদদ দেয়া এবং সীমান্তে সেনা মোতায়েনের অভিযোগ করে থাকে। তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে মস্কো। এর আগে ইউক্রেনে সেনা পাঠানোয় যুক্তরাষ্ট্রের প্রতি ক্ষোভ ও নিন্দা জানিয়ে রাশিয়া বলেছে ওয়াশিংটন পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করছে। ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণ দিতে দেশটিতে তিনশ’ মার্কিন সেনা পাঠানোর পরই মস্কোর পক্ষ থেকে এ মন্তব্য করা হয়। রাজধানী মস্কোয় বার্ষিক নিরাপত্তা সম্মেলনে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সার্গেই ল্যাভরভ এসব কথা বলেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র সব ধরনের সীমা অতিক্রম করেছে এবং দেশটির এ উদ্যোগের যে পাল্টা প্রতিক্রিয়া হবে না, তা বলা যাবে না। একই বৈঠকে রাশিয়ার সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ জেনারেল ভ্যালেরি গ্রাসিমভ বলেন, যুক্তরাষ্ট্র তার নিজের প্রয়োজনে বিশ্বকে ঢেলে সাজানোর চেষ্টা করছে।

Comments (0)
Add Comment