এশিয়ায় ব্যবসায়িক কাজে চাহিদা বাড়ছে ব্যক্তিগত জেটের

জোবায়ের আহম্মেদ অভি: ব্যবসায়িক ও ব্যক্তিগত কাজে এশিয়া অঞ্চলে নিজস্ব জেটের চাহিদা বাড়ছে। গবেষণা প্রতিষ্ঠান জেটনেটের সর্বশেষ গবেষণায় এ তথ্য উঠে এসেছে। খবর এশিয়াওয়ান।

গবেষণার তথ্যানুসারে, গত পাঁচ বছরে এ অঞ্চলে ৭১৩টি বিজনেস এয়ারক্রাফট সরবরাহ করা হয়েছে। উড়োজাহাজ সেবাদাতা কোম্পানি গামা এভিয়েশনের প্রধান নির্বাহী মারওয়ান খালেক বলেন, ‘আমাদের খাত এশিয়ার ব্যবসায়িক মনোভাব ও আস্থা প্রতিফলিত করছে।’

জেটনেটের তথ্যানুসারে, ২০০৫ থেকে ২০০৯ সালের তুলনায় ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত এশিয়া অঞ্চলে ব্যবসায়িক কাজে ব্যবহূত ব্যক্তিগত জেটের সংখ্যা বেড়েছে ৪২ শতাংশ। গত মাসে এ অঞ্চলে এ ধরনের উড়োজাহাজের সংখ্যা ছিল ২ হাজার ৫৫২।

গত সপ্তাহে সাংহাইয়ে আয়োজন করা হয় এশিয়ান বিজনেস কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন (অ্যাবেক)। এতে অংশ নেয় রেকর্ড ১৮৩টি প্রতিষ্ঠান। ২০০৬ সালের প্রথম আয়োজনে অংশ নিয়েছিল মাত্র ৩০টি প্রতিষ্ঠান। ব্যবসায়িক উড়োজাহাজ খাতের শীর্ষ ব্যক্তি থেকে শুরু করে উদ্যোক্তা, উড়োজাহাজ ক্রয় পরামর্শদাতাসহ পুরো এশিয়ার আট হাজারজনের অধিক লোকের সমাগম হয়েছিল এ আয়োজনে।
অ্যাবেকের বিবৃতি অনুসারে, এ আয়োজনের প্রায় ৪০ শতাংশ কোম্পানি ছিল এশিয়াভিত্তিক, যা এ পর্যন্ত সর্বোচ্চ। সাধারণভাবে পশ্চিমা দেশগুলোয় ব্যবসায়িক কাজে বেশি ব্যক্তিগত জেট ব্যবহার হয়।কিন্তু অ্যাবেক বলছে, এশিয়ায় এধরনের উড়োজাহাজের গ্রাহক ও বিক্রেতাউভয়ই বাড়ছে।

সিঙ্গাপুরে বিজনেস এয়ারক্রাফটের সরবরাহ বেড়েছে ৪০ শতাংশ। ২০০৫ থেকে ২০০৯ সালের ১৫টি থেকে ২০১০ থেকে ২০১৪ সালে বেড়ে দাঁড়িয়েছে ২১টিতে। দেশটির বিমানবন্দরগুলো আগামী দিনের বাড়তি চাহিদা পূরণে এরই মধ্যে পদক্ষেপ নিতে শুরু করেছে।

গত বছরের নভেম্বরে ক্রমবর্ধমান এয়ার ট্রাফিক সামলাতে সিলেটার এয়ারপোর্ট তাদের বিমানবন্দর পুনর্নির্মাণ ও অপারেশন সম্প্রসারণের ঘোষণা দেয়।

খালেক বলেন, ব্যক্তিগত জেটগুলো শুধু ঘোরাঘুরির জন্য বিকল্প কোনো উপায় নয়, বরং যারা সবসময় ব্যবসায়িক কাজে ছোটাছুটি করেন, তাদের জন্য দারুণ উপকারী একটি পণ্য। তিনি বলেন, এ ধরনের উড়োজাহাজ সাধারণ উড়োজাহাজ সংস্থাগুলোর সঙ্গে প্রতিযোগিতা করে না, বরং এটি তাদের পরিপূর্ণতা এনে দেয়।

তিনি আরো বলেন, ব্যক্তিগত জেটে বিভিন্ন বাড়তি সুবিধার সঙ্গে গ্রাহকরা আরো বেশি গোপনীয়তা ও তথ্যের বাড়তি নিরাপত্তা ভোগ করতে পারেন। গামা বর্তমানে ১৪৮টি জেট পরিচালনা করছে। চলতি বছরের জন্য কোম্পানিটির পূর্বাভাসকৃত রাজস্ব ৩২০ মিলিয়ন ডলার।

খালেক জানান, তাদের গ্রাহক তালিকায় ছোট ফার্ম থেকে শুরু করে ধনী ব্যক্তিরাও রয়েছেন। এছাড়া বিভিন্ন বহুজাতিক কোম্পানিও রয়েছে। কোনো কোনো গ্রাহক বছরে দু-তিনবার জেট ব্যবহার করেন। তবে বেশির ভাগ গ্রাহক প্রতি সপ্তাহেই জেট নিয়ে আকাশে ওড়েন।

ব্রিটিশভিত্তিক প্রতিষ্ঠান গামা এশিয়ায় বাড়তে থাকা চাহিদা পূরণে সম্প্রতি হংকংয়ে নিজেদের এয়ারক্রাফট ব্যবস্থাপনা সেবা চালু করেছে। হংকংয়ের হাটকিসন ওয়ামপোয়ার শাখা প্রতিষ্ঠান হাটকিসন ওয়ামপোয়ার (চীন) সঙ্গে যৌথ উদ্যোগে এটি চালু করা হয়েছে।

Comments (0)
Add Comment