স্যান্ডউইচ ‘চুরি’র অভিযোগে স্লোভেনিয়ার এমপির পদত্যাগ

স্যান্ডউইচ ‘চুরি’র অভিযোগে পদত্যাগ করেছেন স্লোভেনিয়ার সংসদ সদস্য দারি ক্রাজিক (৫৪)।
গত বৃহস্পতিবার তিনি পদত্যাগের ঘোষণা দেন।

দারি ক্রাজিক স্লোভেনিয়ার ক্ষমতাসীন জোটের প্রধান শরিক দল মারিয়ান সারেজ লিস্টের (এলএমএস) নেতা।

স্লোভেনিয়ার বেসরকারি টেলিভিশন চ্যানেল পপ টিভিকে দারি ক্রাজিক বলেন, তিনি রাজধানী লুব্লিয়ানার একটি সুপারশপে স্যান্ডউইচ খান। এর পর বিল মেটানোর জন্য সুপারশপের কাউন্টারে ৩ মিনিট অপেক্ষা করেন।

কিন্তু সেই সময় সুপারশপের তিনজন নিজেদের মধ্যে গল্পে মশগুল ছিলেন। তারা তার ডাকে কোনো সাড়া দিচ্ছিল না। পরে বিরক্ত হয়ে তিনি স্যান্ডউইচের দাম না দিয়েই চলে যান।

বিবিসির খবরে বলা হয়, সেই ঘটনা গত বুধবার পার্লামেন্টারি কমিটির এক বৈঠকে হাস্যোচ্ছলে বলেন দারি ক্রাজিক। তার সহকর্মীরাও ঘটনাটি শুনে বেশ মজা পান এবং হাসাহাসি করেন।

কিন্তু পরে বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হয়। এ নিয়ে সাধারণ জনগণ এই কাজের নিন্দা জানান। ক্রাজিকের দল এলএমএসের পার্লামেন্টারি অংশের প্রধান ব্রেনি গোলুবোভিচও ওই আচরণের নিন্দা জানান। তিনি তার দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন তোলেন।

পরে ক্রাজিক তার ওই আচরণের জন্য দুঃখ প্রকাশ করে পার্লামেন্টের সদস্যপদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।

Comments (0)
Add Comment