৪৮ ঘণ্টার মধ্যে পাকিস্তানিদের রাজস্থান ছাড়তে নির্দেশ

কাশ্মীরের পুলওয়ামা হামলায় ভারতের বিষেশায়িত বাহিনীর ৪৯ সদস্য নিহতের জেরে পাকিস্তানবিরোধী ক্ষোভ-বিক্ষোভ সব দিকে তীব্র হচ্ছে। রাজস্থানের বিকানের পাকিস্তানিদের নিরাপত্তার অজুহাতে ৪৮ ঘণ্টার মধ্যে এলাকা ছাড়তে নির্দেশ দিয়েছে দেশটির জেলা প্রশাসন।

ভারতীয় গণমাধ্যমের এ খবর অনুযায়ী সোমবার এ নির্দেশ জারি করেছেন জেলা শাসক কুমার পাল গৌতম। দেশটির দণ্ডবিধির ১৪৪ ধারা অনুযায়ী এ আদেশ জারি করে জেলা প্রশাসন।

এতে বলা হয়, হোটেল, লজ বা বাড়িতে পাকিস্তানি নাগরিকদের নতুন করে থাকতে দেওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাকিস্তানি নাগরিকদের কোনও স্পর্শকাতর তথ্য দেওয়া পুরোপুরি নিষিদ্ধ। এ ছাড়া মোবাইল-টেলিফোনে পাকিস্তানের নাগরিকদের সঙ্গে কথা বলা এবং ব্যবসা-বাণিজ্যের ওপরও কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এতে আরও বলা হয়, কোনও পাকিস্তানি নাগরিক কাজ যাবে না। আগামী দুই মাস পাকিস্তানিদের ওপর এমন নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানানো হয়।

গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হামলার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে কাশ্মীরের নাগরিকদের ওপর ভারতীয়দের খড়গ নেমেছে। তবে এভাবে পাকিস্তানের নাগরিকদের থাকার ওপর সরাসরি নিষেধাজ্ঞা এটাই প্রথম।

জেলা শাসকের নির্দেশে আরও বলা হয়েছে, পাকিস্তানি নাগরিকদের ৪৮ ঘণ্টার মধ্যে বিকানের ছেড়ে চলে যেতে হবে। হোটেল বা লজে নতুন করে কাউকে চেক ইন করতে দেওয়া যাবে না।

এতে বলা হয়, পাকিস্তানের কোনও নাগিরকের সঙ্গে ভারতীয় সেনা সম্পর্কিত বা অন্য কোনও তথ্য আদানপ্রদান করা পুরোপুরি নিষিদ্ধ। কেউ আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে শাস্তির কথাও বলা হয় এতে।

Comments (0)
Add Comment