কাশ্মীরে হামলার ব্যাপারে ইমরান খানের বক্তব্য দুঃখ ও লজ্জাজনক বলে মন্তব্য করেছেন ভারতের বিরোধীদল কংগ্রেসের মুখপাত্র রন্দীপ সিং সুরুজওয়ালা।
ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টে ইমরান খানের বক্তব্যের প্রতিক্রিয়ায় কংগ্রেস মুখপাত্র বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জঙ্গি সংগঠন জাইশে মোহাম্মদের ভাষায় কথা বলেছেন। তার বক্তব্য অত্যন্ত দুঃখজনক। তিনি এখনও জঙ্গিদের সুরেই কথা বলছেন।
জইশে মোহাম্মদ কোন দেশ থেকে পরিচালিত হয় এবং এর প্রধান মাসউদ আজহারকে কারা আশ্রয় দিয়েছে, এটি সবাই জানে।
ইমরান খানকে ইতিহাস স্মরণ রাখার পরামর্শ দিয়ে রন্দীপ সিং বলেন, আপনি ভুলবেননা। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে পাকিস্তানের ৯১ হাজার সেনা ভারতীয় বাহিনীর কাছেই অস্ত্র জমা দিয়েছে। তাহলে কোনমুখে আপনি ভারতকে যুদ্ধের হুমকি দেওয়ার সাহস করেন।
পাকিস্তান ভারতের যে কোনো হামলার কঠিন জবাব দেবে ইমরান খানের এমন বক্তব্যের কঠোর সমালোচনা করেন ভারতীয় বিরোধীদল কংগ্রেসের এ মুখপাত্র।
প্রসঙ্গত, পুলওয়ামায় ভারতীয় আধাসামরিক বাহিনীর ৪৪ জন সৈন্য নিহত হওয়ার ঘটানায় চিরশত্রু দুই দেশ ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এ বিষয়ে এতদিন চুপ থাকলেও মঙ্গলবার মুখ খুলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ভারত সরকার কোনো প্রমাণ ছাড়াই এ হামলার দায়ভার পাকিস্তানের ওপর চাপাচ্ছে অভিযোগ করে ইমরান খান বলেছেন. এ ধরনের হামলার সঙ্গে জড়িত হয়ে পাকিস্তানের কী লাভ হবে?
কাশ্মীরে সংগঠিত এ হামলার তদন্তে পাকিস্তান সহায়তা করতে চায় জানিয়ে ইমরান খান বলেন, ভারত এ ঘটনার সঙ্গে পাকিস্তানের কারও জড়িত থাকার প্রমাণ দিক, আমি নিজে অ্যাকশন নেব।