ন’টি এয়ারপোর্টে খুলে দিল ভারত

ন’টি এয়ারপোর্টে খুলে দিল ভারত।

বুধবার ভারতের বায়ুসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ে পাকিস্তানের একটি এফ ১৬ বিমান। তারপরে বিপদের আশঙ্কায় বেশ কয়েকটি বিমান বন্দরে অসামরিক বিমান চলাচল বন্ধ করে দেয় ভারত। বিকালে তার ন’টি বিমান বন্দর ফের খুলে দেওয়া হয়েছে।

মঙ্গলবার ভোররাতে ভারতের মিরাজ ২০০০ বিমানগুলি পাকিস্তানে ঢুকে বালাকোটে জইশ ই মহম্মদের ঘাঁটি ধ্বংস করে দেয়। বুধবার মরিয়া হয়ে বদলা নিতে চেষ্টা করে পাকিস্তান। তাদের বিমান ভারতে ঢুকে পড়ার পরেই বন্ধ করে দেওয়া হয় লেহ, জম্মু, শ্রীনগর, সিমলা, ধর্মশালা, কুলু, লুধিয়ানা, আদমপুর, ভাতিন্দা, পঠানকোট, চণ্ডীগড়, অমৃতসর ও দেরাদুন বিমান বন্দর। কিন্তু বিকালে এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার প্রধান গুরুপ্রসাদ মহাপাত্র বলেন, ন’টি বিমানবন্দর খুলে দেওয়া হয়েছে।

এর আগে মুম্বইয়ের উত্তরে এয়ার স্পেস দিয়ে যে বিমানগুলি ওড়ার কথা ছিল, সেগুলি ঘুরিয়ে দেওয়া হয় পশ্চিম এশিয়া দিয়ে। দিল্লির উত্তরে এয়ারস্পেস দিয়েও কোনও অসামরিক বিমান উড়তে দেওয়া হয়নি।

অমৃতসর বিমান বন্দরের ডিরেক্টর এ পি আচার্য বলেন, ‘অপারেশনাল রিজনে’ এই বিমান বন্দর বন্ধ রাখা হচ্ছে। কোনও অসামরিক বিমান এখানে আসতে দেওয়া হচ্ছে না। এখান থেকে উড়ছেও না কোনও বিমান।

অন্যদিকে পাকিস্তানও এদিন বেশ কয়েকটি দেশীয় এবং আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেয়। তার মধ্যে আছে লাহৌর, মুলতান, ফয়সলাবাদ, সিয়ালকোট এবং ইসলামাবাদ এয়ারপোর্ট। বেশ কয়েকটি আন্তর্জাতিক বিমান ওড়ার পরেও ফিরে আসে।

বুধবার সকালে জম্মু-কাশ্মীরের নৌশেরা সেক্টর দিয়ে একটি পাকিস্তানি এফ ১৬ বিমান ঢুকে পড়ে। ভারতের বায়ুসেনা গুলি করে বিমানটিকে নামায়। অন্যদিকে পাকিস্তান দাবি করে, তারা ভারতের দু’টি বিমান গুলি করে নামিয়েছে। একজন পাইলটকে তারা বন্দি করেছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার বলেন, পাকিস্তান বলেছে, আমাদের এক পাইলট তাদের কব্জায় আছেন। আমরা এই দাবির সত্যাসত্য বিচার করছি।

Comments (0)
Add Comment