আমি নোবেল পাওয়ার যোগ্য নইঃ ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ‘আমি নোবেল শান্তি পুরস্কারের যোগ্য নই। যে ব্যক্তি কাশ্মীর সমস্যার সমাধান করবেন, তিনিই উপমহাদেশের নোবেল শান্তি পুরস্কারের যোগ্য দাবিদার।’ সোমবার নিজের ৯০ লাখ ফলোয়ারের উদ্দেশে এক টুইটে একথা বলেন ইমরান। খবর ডনের।

আটক ভারতীয় বৈমানিক অভিনন্দন বর্তমানকে ফিরিয়ে দেয়ার পর দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানকে শান্তিতে নোবেল পুরস্কার দেয়ার প্রবল দাবি উঠেছে পাকিস্তানে। পাকিস্তান পার্লামেন্টে এ নিয়ে একটি প্রস্তাবও উপস্থাপন করেন দেশটির তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী। তারই প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন ইমরান। টুইটে তিনি আরও বলেন, ‘যে ব্যক্তি কাশ্মীর সমস্যার সমাধান করে উপমহাদেশে শান্তি আনবেন এবং মানবতার উন্নয়ন করবেন, তিনিই এ পুরস্কারের যোগ্য দাবিদার।’

পাকিস্তানের পার্লামেন্টে ইমরান খানকে নোবেল পুরস্কার দেয়ার প্রস্তাবে বলা হয়, ইসলামাবাদ ও দিল্লির মধ্যে উত্তেজনা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে তীক্ষ্ণ বুদ্ধির পরিচয় দিয়েছেন ইমরান খান। এছাড়া ইমরানকে নোবেল দেয়ার দাবিতে এক অনলাইন প্রস্তাবে স্বাক্ষর করেছেন ৩ লক্ষাধিক মানুষ। তাদের দাবি, দুটি দেশের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে ইমরান খান প্রশংসনীয় ভূমিকা রেখেছে।

Comments (0)
Add Comment