গণতন্ত্র, সুশাসনে অগ্রগতি চায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য

বাংলাদেশের সম্ভাবনাকে কাজে লাগাতে গণতান্ত্রিক শাসনব্যবস্থা, সুশাসন ও জবাবদিহিতার মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে অগ্রগতির ওপর জোর দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

ওয়াশিংটনে পররাষ্ট্র দফতরে গত সোমবার সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর বৈঠক প্রসঙ্গে মার্কিন মুখপাত্র মরগান ওরটাগাস এক বিবৃতিতে বলেন, পররাষ্ট্রমন্ত্রী (মাইক পম্পেও) সুশাসন, স্বচ্ছতা ও গণতান্ত্রিক মূল্যবোধকে এগিয়ে নেয়ার ওপর জোর দিয়েছেন। কারণ, বাংলাদেশ ক্রমেই যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক পরিকল্পনার অংশ হয়ে উঠছে।

এদিকে গত শনি ও রোববার বাংলাদেশ সফর শেষে মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে ব্রিটিশ পররাষ্ট্র ও কমনওয়েলথ দফতরের এশিয়া ও প্যাসিফিক বিষয়ক প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড বলেছেন, গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে যুক্তরাজ্য বাংলাদেশকে সহযোগিতা করতে প্রস্তুত।

৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ড. মোমেন প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে গিয়ে সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে বৈঠক করেন।

এর আগে রোববার ঢাকায় বর্তমান সরকারের আমলে ব্রিটিশ সরকারের প্রথম মন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন মার্ক ফিল্ড। দুটি সফরেই বাংলাদেশের সঙ্গে ওই দেশগুলোর সম্ভাবনা ও সম্পর্ক এগিয়ে নেয়ার সুস্পষ্ট বার্তা থাকলেও গণতন্ত্র ও সুশাসন ইস্যুও গুরুত্ব পেয়েছে।

ব্রিটিশ সরকারের ওয়েবসাইটে দেয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মার্ক ফিল্ড রোহিঙ্গা সংকট মোকাবেলায় শেখ হাসিনাকে তার সরকারের প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানিয়েছেন। এ ছাড়া রোহিঙ্গাদের ফিরে যাওয়া শুরুর জন্য মিয়ানমারের সঙ্গে আলোচনার সম্ভাব্য সুযোগগুলোর বিষয়েও তিনি কথা বলেছেন।

Comments (0)
Add Comment