কাশ্মির ইস্যুতে কোনো দেশের হস্তক্ষেপ করার সুযোগ নেই

কাশ্মির ইস্যুতে কোনো দেশের হস্তক্ষেপ করার সুযোগ নেই।

ভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, অবশ্যই কাশ্মির ইস্যুটি ভারতের অভ্যন্তরীন একটি ব্যাপার। এখানে পাকিস্তান বা অন্য কোন বিদেশী রাষ্ট্রের কোন ধরনের হস্তক্ষেপ করার সুযোগ নেই।

বুধবার (২৮ আগস্ট) টুইটার বার্তায় তিনি দাবি করেন, যদিও কাশ্মির নিয়ে সরকারের বিভিন্ন পদক্ষেপের সাথে তিনি একমত নন। তবে এ কথা তিনি স্পষ্ট করে জানাতে চান যে, কাশ্মির ভারতের অভ্যন্তরীণ ব্যাপার এবং এখানে সংঘর্ষের ঘটনায় পাকিস্তানের স্পষ্ট মদদ রয়েছে।

তিনি বলেন, জম্মু ও কাশ্মিরে সংঘর্ষ আছে। সেই সংঘর্ষের মদতদাতা আর কেউ নয় বিশ্বে সন্ত্রাসের আতুড়ঘর হিসেবে পরিচিত পাকিস্তান।

উল্লেখ্য, কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বাধীন বিরোধী দলগুলির ১২জনের একটি প্রতিনিধি দলকে শনিবার শ্রীনগর বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়। সমস্ত রাজনৈতিক নেতারা এ ঘটনার নিন্দা করেছেন। সিপিএমের পলিটব্যুরো একে দিনে দুপুরে অধিকার ছিনাই বলে অভিহিত করেছে।

কংগ্রেসের পোস্ট করা এক ভিডিওয় দেখা যাচ্ছে রাহুল গান্ধী তাঁদের আটকে দেওয়া আধিকারিকদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলছেন। “রাজ্যপাল বলেছেন আমি আমন্ত্রিত। সে জন্য আমি এসেছি। এবার আপনারা বলছেন আমি যেতে পারব না। সরকার বলছে এখানে সব ঠিক আছে, সব স্বাভাবিক চলছে। যদি সব স্বাভাবিক চলে, তাহলে আমাদের যেতে দেওয়া হচ্ছে না কেন?”

বিরোধী নেতাদের শ্রীনগর বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়ার ঘটনা নিয়ে জিজ্ঞাসা করা হলে রাজ্য সরকারের মুখপাত্র রেহিত কানসাল জম্মু কাশ্মীর তথ্য ও জনসংযোগ বিভাগের একটি টুইট পড়ে শোনান।

সেখানে বলা হয়েছে, “বরিষ্ঠ রাজনৈতিক নেতাদের উচিত নয় ক্রমশ স্বাভাবিক হতে থাকা জীবনযাত্রায় ব্যাঘাত ঘটানো। রাজনৈতিক নেতাদের সহযোগিতার অনুরোধ জানানো হচ্ছে এবং শ্রীনগরে আসতে নিষেধ করা হচ্ছে।”

Comments (0)
Add Comment