নরেন্দ্র মোদির পুরস্কার প্রাপ্তি নিয়ে চলছে তুমুল বিতর্ক!

নরেন্দ্র মোদির পুরস্কার প্রাপ্তি নিয়ে চলছে তুমুল বিতর্ক!

ভারতে উন্মুক্ত স্থানে মলত্যাগ হ্রাসে সরকারি একটি প্রকল্পের সফলতার কারণে বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটসের প্রতিষ্ঠিত বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন পুরস্কার নেয়ার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

গত ২ সেপ্টেম্বর ভারতের কেন্দ্রীয় এক মন্ত্রী ঘোষণা দেন, খোলা আকাশের নিচে মলত্যাগের অবসান ঘটাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের নেয়া একটি প্রকল্পের স্বীকৃতি দিচ্ছে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন।

কিন্তু এই পুরস্কারের বিরোধিতা করে এক লাখের বেশি মানুষ একটি পিটিশনে স্বাক্ষর করেছেন। অনেক অতিথি বলেছেন, তারা ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না। কিন্তু কী কারণে এই অতিথিরা থাকতে পারবেন না সে ব্যাপারে পরিষ্কার কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

ভারতে কোটি কোটি মানুষ খোলা আকাশের নিচে মলত্যাগ করেন। খোলা আকাশের নিচে মলত্যাগ করায় মাটি ও পানি দূষিত হচ্ছে। যে কারণে অনেক রোগ ছড়াচ্ছে। ২০১৪ সালের নির্বাচনের আগে মোদি প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি দেশ থেকে উন্মুক্ত স্থানে মলত্যাগের অবসান ঘটাবেন।

চলতি বছর দেশটির সাধারণ নির্বাচনের আগে মোদি দাবি করেন, তার সরকারের নেয়া এই কর্মসূচির ফলে দেশটির ৯০ শতাংশ মানুষ এখন স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করছেন। বিজেপি ক্ষমতায় আসার আগে মাত্র ৪০ শতাংশ মানুষ টয়লেট ব্যবহার করতে পারতেন বলে জানান তিনি।

এক বিবৃতিতে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন বলছে, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন অভিযানের অংশ হিসাবে স্যানিটেশন উন্নয়নে যে অগ্রগতি সাধন করেছেন নরেন্দ্র মোদি, সেজন্য তাকে সম্মাননা দেয়া হবে।

গুজরাটে ২০০২ সালে সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনায় সেই সময় যুক্তরাষ্ট্রে প্রবেশে মোদির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন। এক সময় ওয়াশিংটনে প্রবেশে যার ওপর নিষেধাজ্ঞা ছিল, সেই ব্যক্তি এখন সেখানে গিয়ে সম্মাননা পাচ্ছেন; মূলত এই বিষয়টি ঘিরেই সমালোচনা শুরু হয়েছে। এছাড়াও গত ৫ আগস্ট ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর থেকে সেখানে তার সরকারের নেয়া ব্যাপক নিরাপত্তা ব্যবস্থায় জনজীবন থমকে যাওয়ার অভিযোগ করছেন সমালোচকরা।

সামাজিক ও রাজনৈতিক বিশ্লেষক শিব বিশ্বনাথান বলেন, ‘পুরস্কার প্রাপ্তির সময়টি আমাদের হতাশ করছে; কারণ কাশ্মীর এখন একটি ইস্যু, শুধুমাত্র কাশ্মীরিরা নয়। সেখানে একটি ট্রমা ক্লিনিক চালু করা খুবই প্রয়োজন। অধিকারের নামে গেটস ফাউন্ডেশন এটা কী করবে? ক্ষমতাসীন মোদি সরকার কী সেটার অনুমতি দেবে?

Comments (0)
Add Comment