ভারতে ২ বন্ধুকে সঙ্গে নিয়ে সহকর্মীর স্ত্রীকে গণধর্ষণ।
দুই বন্ধুকে সঙ্গে নিয়ে সহকর্মীর ২৬ বছরের বধূকে গণধর্ষণ করেছে এক যুবক। আর এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সম্প্রতি ঘটনাটি ঘটেছে ভারতের ওড়িশার কালাহান্দি জেলায়।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ধর্ষণের শিকার ওই গৃহবধূর স্বামী কর্মসূত্রে গোয়ায় থাকেন। গত ১১ ডিসেম্বর ওই গৃহবধূর বাড়িতে তার স্বামীর এক সহকর্মী যান। ওই ব্যক্তি গৃহবধূর স্বামীর পাঠানো জিনিসপত্র দিতে সেখানে যান।
সে সময় বাড়িতে উপস্থিত ওই গৃহবধূর শ্বশুর-শাশুড়ি তাদের ছেলের সহকর্মীকে রাত থেকে যাওয়ার অনুরোধ করেন। পরে ওই ব্যক্তি ভুক্তভোগী গৃহবধূর শ্বশুরবাড়িতে থেকে যান।
পরদিন ১২ ডিসেম্বর ওই গৃহবধূ এটিএম বুথ থেকে টাকা তোলার জন্য বাড়ি থেকে বের হন। তখন ওই ব্যক্তি তার সহকর্মীর স্ত্রীকে বলেন, তিনি তার বাইকে এটিএম বুথের কাছে নামিয়ে দেবেন। স্বামীর সহকর্মী বলে সরল বিশ্বাসেই ওই গৃহবধূ তার বাইকে ওঠেন। কিন্তু মাঝ রাস্তাতেই বাইক থামিয়ে দেন ওই ব্যক্তি। বাইক থামিয়ে তিনি তার দুই বন্ধুকে ডেকে নেন। এরপর ওই গৃহবধূকে একটি নির্জন জায়গায় নিয়ে যান তারা। সেখানেই তিনজন মিলে পালাক্রমে ওই গৃহবধূকে ধর্ষণ করেন।
ধর্ষণের পর ওই গৃহবধূকে হুমকি দেওয়া হয়- কাউকে জানালে পরিণাম আরও খারাপ হবে। তবে ভয়ে থেমে থাকেননি ওই নারী। তিনি থানায় গিয়ে অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতেই গত শনিবার অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে উড়িষ্যা পুলিশ।