স্থানীয় সময় বুধবার রাত ১০টার দিকে জার্মানির হানাউ শহরে দুটি পৃথক বন্দুক হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির জানায়, এক সীসা বারে এই গোলাগুলির ঘটনা ঘটে।প্রথম এলোপাতাড়ি বন্দুক হামলার ঘটনা ঘটে শহরের কেন্দ্রের একটি বারে। একই সময়ে দ্বিতীয় হামলাটি হয় হানাউয়ের ক্যাসেলস্টাড্ট এলাকার একটি বারে। প্রথম হামলায় তিন ও দ্বিতীয় হামলায় পাঁচ জন নিহত হয়েছে।
পুলিশ জানায়, তারা এখনও হামলাকারীকে গ্রেফতারের চেষ্টা করছেন। হামলার পর থেকে পালিয়ে আছেন ওই ব্যক্তি। হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে এখনও স্পষ্ট কোনও ধারণা পায়নি পুলিশ। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান করছে। এই ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হেলিকপ্টার দিয়ে দুটি জায়গাতেই টহল অব্যাহত রেখেছে।
চারদিন আগে বার্লিনে এক তুর্কি কমেডি শো’র ভেন্যুতে বন্দুকধারীর হামলায় একজন নিহত হয়েছিলেন।এর আগে ২৪ জানুয়ারি জার্মানির দক্ষিণাঞ্চলীয় রট আম জে শহরে এমন গোলাগুলির ঘটনায় ছয়জন নিহত ও দুইজন মারাত্মক আহত হয়েছিল। গেল বছরের অক্টোবর মাসে দেশটির হালে শহরের একটি সিনাগগের কাছে একজন উগ্র ডানপন্থির গুলিতে দুজন নিহত হয়েছিলেন। এর আগে ২০১৬ সালের জুলাই মাসে অবৈধভাবে অনলাইন থেকে কেনা একটি পিস্তল দিয়ে একজন টিনএজার নয়জনকে গুলি করে হত্যা করেছিলেন। মিউনিখের একটি শপিং মলে এই ঘটনা ঘটেছিল