ফিলিস্তিনিকে বুলডোজার দিয়ে পিষে মারল
গাজার খান ইউনিসে এক ফিলিস্তিনিকে বুলডোজার দিয়ে পিষে নির্মমভাবে হত্যা করেছে বর্বর ইসরাইলি বাহিনী।
রোববার সকালে ফিলিস্তিনের গাজা-ইসরাইল সীমান্তে খান ইউনিসে ফিলিস্তিনের কিছু নাগরিকের ওপর গুলি করলে বেশ কয়েকজন গুরুতর আহত হন। এ সময় গুলিবিদ্ধ এক ফিলিস্তিনিকে বুলডোজার দিয়ে পিষে হত্যা করে ইসরাইলি সেনারা। খবর বিবিসি ও নিউইয়র্ক টাইমসের।
ভিডিওতে দেখা যায়, হঠাৎ করেই ইসরাইলি বাহিনী বুলডোজার নিয়ে গাজা উপত্যকার ভেতরে ঢুকে পড়ে। এর পর এক ফিলিস্তিনির দেহ বুলডোজার দিয়ে পিষে দিতে থাকে।ইসরাইলি সেনাদের পৈশাচিকতার ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠে।
ফিলিস্তিনিরা গুলিবিদ্ধ আহত ব্যক্তিদের উদ্ধার করে, তবে মরদেহ উদ্ধার করার চেষ্টা করলেও পারেননি তারা।বর্বর ইসরাইলি বাহিনী মরদেহটি থেঁতলে দিয়ে সেটি বুলডোজারে তুলে নিয়ে চলে যায়। এ সময় কয়েকজন ফিলিস্তিনিকে ঢিল ছুড়তে দেখা যায়। বর্ণবাদী ইসরাইলি সেনাবাহিনী ওই ঘটনার সত্যতা স্বীকার করেছে। গাজার প্রতিরোধ সংগঠন ‘ইসলামী জিহাদ’ এক বিবৃতিতে জানিয়েছে, শহীদের রক্তের বদলা নেয়া হবে। চরম প্রতিশোধের হুমকি দিয়েছে সংগঠনটি।
হামাসের মুখপাত্র ফাওজি বারহুম বলেছেন, যাকে পিষে হত্যা করা হয়েছে তার হাতে কোনো অস্ত্র ছিল না। তাকে হত্যা করে জঘন্য অপরাধ করেছে ইসরাইলিরা।