সরকারবিরোধী নাশকতা পরিকল্পনার অভিযোগে জামায়াতের ১২ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর আজিজ কো-অপারেটিভ ভবনের অষ্টম তলায় জামায়াতের এক নেতার অফিসে অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে ১৬ জনকে আটক করা হলেও যাচাই-বাছাই শেষে ১২ জনকে গ্রেপ্তার দেখানো হয়। অফিসে বসেই তারা সরকারবিরোধী নাশকতার পরিকল্পনা করছিল বলে আমাদের কাছে প্রাথমিক তথ্য ছিল।
শাহবাগ থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ১২ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের ১৫ ধারায় মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে জামায়াতের ঢাকা মহানগরের কেন্দ্রীয় নেতা-কর্মী রয়েছেন। গ্রেপ্তার ব্যক্তিদের নাম এখন প্রকাশ করা যাচ্ছে না। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠিয়ে রিমান্ডে নেওয়া হবে।