বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান ড. টেড্রস অ্যাডহানম গেব্রেইয়েসুসের পদত্যাগ দাবি 

করোনাভাইরাস নিয়ে মিথ্যা তথ্য সরবরাহ করায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান ড. টেড্রস অ্যাডহানম গেব্রেইয়েসুসের পদত্যাগ দাবি করেছেন মার্কিন রিপাবলিকান সিনেটর মার্থা ম্যাকশ্যালি।

তিনি বলেছেন, চীন শুরু থেকেই করোনাভাইরাস নিয়ে মিথ্যা তথ্য সরবরাহ করে আসছে। আর তাদের সেই তথ্য বিশ্বাস করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পরে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে। এজন্য উচিত, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ড. টেড্রস অ্যাডহানম গেব্রেইয়েসুসের পদত্যাগ করা।

সিনেটর মার্থা মনে করেন, হু ডেরেক্টর জেনারেলের ভূমিকার কারণে চীন প্রকৃত তথ্য আড়াল করার সুযোগ পেয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এ ইথিওপিয়ান বিশ্বের সঙ্গে প্রতারণা করেছেন। এমনকি করোনায় মহামারি মোকাবিলায় চীনের ভূমিকার প্রশংসা করেছেন। অথচ তারা তথ্য লুকিয়েছে।’

‘আমি কখনও একজন কমিউনিস্টকে বিশ্বাস করি না এবং করোনাভাইরাস (যা চীন থেকে আবির্ভূত হয়েছে) নিয়ে চীন সরকার তথ্য গোপন করেছে। তাদের এ লুকোচুরির কারণে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশে অনাকাঙিক্ষত প্রাণ গেছে। আমি মনে করি, (এ বিষয়ে যথাযথ পদক্ষেপ না নেয়ায়) ড. টেড্রসের পদত্যাগ করা উচিত।’

এই সিনেটর আরও বলেন, ‘তারা (চীন সরকার) যে করোনায় মৃত্যু নিয়ে তথ্য গোপন করেছে সে বিষয়ে পর্বতসম সাক্ষ্য-প্রমাণ থাকলেও ড. টেড্রস তাদের স্বচ্ছতার প্রশংসা করেছেন। আর এই প্রতারণার কারণে অনেক জীবন গেছে।’

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস অ্যাডহানম গেব্রিয়েসুসের পদত্যাগ দাবি করে অনলাইন পিটিশনে স্বাক্ষর করেছে প্রায় ১০ লাখ মানুষ।

Comments (0)
Add Comment