আরব আমিরাতের লকডাউনে প্রবাসী বাংলাদেশিরা বিপাকে

প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে সংযুক্ত আরব আমিরাতে লকডাউনের কারণে বিপাকে পড়েছেন সেখানে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা। কর্মহীন হয়ে পড়েছেন অনেক প্রবাসী শ্রমিক। ফলে খাদ্য সংকটসহ নানা সমস্যায় ভুগছেন তারা।

এমন পরিস্থিতিতে তাদেরকে সহায়তা দিতে এগিয়ে এসেছে বাংলাদেশ সমিতি, শারজাহ ও বাংলাদেশ বিজনেস ফোরাম, আজমান। সংস্থা দুটি যৌথ উদ্যোগে বিপাকে পড়া প্রবাসীদের খাদ্যসামগ্রী সরবরাহ করছে। বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ইকবাল হোসেন খান প্রত্যক্ষভাবে এ কার্যক্রমের তত্ত্বাবধান করছেন।

সোমবার (১৩ এপ্রিল) সংগঠন দুটি যৌথ উদ্যোগে পাঁচশত প্রবাসীদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম চালু করে। এসময় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ইকবাল হোসেন খান উপস্থিত ছিলেন। এ কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, ‘চলমান সংকটে যারা প্রবাসীদের জন্য এগিয়ে এসেছেন, তারা দেশপ্রেমের পরিচয় দিয়েছেন। দেশ ও জাতি তাদের অবদান সবসময় স্মরণ রাখবে।’

বাংলাদেশ বিজনেস ফোরাম, আজমান এর প্রধান সমন্বয়ক কামাল হোসাইন সুমনের পরিচালনায় খাদ‌্যসামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি, শারজাহ এর সহ-সভাপতি ইসমাঈল গনি চৌধুরী ও বিশিষ্ট ব্যবসায়ী দানবীর ইব্রাহীম ওসমান।

সংস্থা দুটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিতি ছিলেন বাংলাদেশ বিজনেস ফোরামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, মিহির ব্রাগনোরা, হুমায়ুন রশিদ রেজা, জামান আহমেদ, আব্দুস সাত্তার ও শফিকুর রহমান প্রমুখ।

বাংলাদেশ বিজনেস ফোরামের প্রধান সমন্বয়ক কামাল হোসাইন সুমন জানান, করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত এ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

Comments (0)
Add Comment