প্রধানমন্ত্রীর তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, চলতি বছরের শেষ নাগাদ দেশে ৫জি সেবা চালু করা হবে।
মঙ্গলবার বিজনেস রাউন্ড টেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে এ বৈঠকের আয়োজন করে।
প্রধানমন্ত্রী জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন।
সজীব ওয়াজেদ জয় বলেন, ‘সরকার প্রান্তিক মানুষের কাছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ।
আমাদের সক্ষমতা ও ব্যান্ডউইথের ঘাটতি নেই।
প্রান্তিক মানুষ ফিক্সড লাইনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করেন না।
তারা মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন।
এ জন্য আমরা স্পেকট্রাম ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি।
এ জন্য আমরা মোবাইল অপারেটরদের জন্য অধিক স্পেকট্রাম অবাধ করে দিচ্ছি।’
