সাগরে লঘুচাপ সৃষ্টি

মৌসুমি বায়ু কম সক্রিয় থাকায় সারাদেশে বৃষ্টির প্রবণতা একেবারেই কমে গেছে। এরই মধ্যে বঙ্গোপসাগরের একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। অন্যদিকে দেশের বিভিন্ন অঞ্চলে বইছে মৃদু তাপপ্রবাহ। এ অবস্থায় আগামী তিনদিন কম বৃষ্টির প্রবণতা এবং তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

গতকাল বুধবার (১৯ জুলাই) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত দেশের ৪৪টি আবহাওয়া দপ্তরের বৃষ্টি পরিমাপক কেন্দ্রের ১০টিতে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এসময় সবচেয়ে বেশি ৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে টেকনাফ ও গোপালগঞ্জে। রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ ছিল একেবারেই বৃষ্টিহীন।

 

বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহীতে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, মধ্য প্রদেশ, উড়িষ্যা, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশে কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু/এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

এসময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান মনোয়ার হোসেন।

 

তিনি আরও জানান, রাজশাহী, পাবনা ও চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.