জুলাই গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সন্দ্বীপে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি
সন্দ্বীপ, ২৬ মার্চ: স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় নাগরিক কমিটি সন্দ্বীপ উপজেলা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা শেখ হাসিনার স্বৈরশাসনের অবসান, আওয়ামী লীগ নিষিদ্ধকরণ এবং জুলাই গণহত্যার জন্য বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
২৬ মার্চ, বুধবার, সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্স গেইটের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, “ক্যান্টনমেন্ট অথবা কোনও বিদেশি শক্তির চাপে এই বাংলাদেশে আওয়ামী লীগকে আর প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না। বাংলাদেশের গণতন্ত্র আজ অবরুদ্ধ।” জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই অব্যহত রাখার আহ্বান জানান তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক কমিটির সন্দ্বীপ উপজেলার প্রতিনিধি শামসুল আজম মুন্না। তিনি বলেন, “গণ অভ্যুত্থানের চেয়ে বড় ভোট নেই। বাংলাদেশের জনগণ ২০২৪ সালে আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়েছে। তাই, আগামী নির্বাচনে কোন ভাবেই আওয়ামী লীগকে ভোটে অংশগ্রহণ করতে দেওয়া হবে না।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র তানিয়া আক্তার বলেন, “বাংলাদেশের ছাত্রসমাজ কখনোই অন্যায়ের কাছে মাথা নত করেনি। আজ আমরা একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে বাঁচাতে নতুন সংগ্রামে নেমেছি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তবেই ঘরে ফিরবো।”
ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সংগঠক মাওলানা মনিরুল ইসলাম বলেন, “বাংলাদেশ এক অন্ধকার সময় পার করেছে। ধর্মীয় ও রাজনৈতিক স্বাধীনতা ছিলো না। আগামীতে যদি কেউ আবার ফ্যাসিস্ট হাসিনার মতো মাথা চাড়া দিয়ে উঠে আল্লাহর তরফ থেকে তার উপরেও গজব নেমে আসবে।”
জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি মিলাদ মোদাচ্ছির বলেন, “আমরা শহীদের রক্তের সাথে বেইমানি করতে পারি না। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়েছে, এবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পালা।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর সংগঠক শরিফ হোসেন বলেন, “শেখ হাসিনা গণতন্ত্রকে হত্যা করেছে। আন্দোলন দমন করতে হাজারো শিক্ষার্থীকে নির্যাতন করা হয়েছে। কিন্তু ইতিহাস সাক্ষী, কোনো স্বৈরাচার চিরদিন ক্ষমতায় থাকতে পারেনি। আগামীতেও কেউ স্বৈরাচারী মনোভাব পোষণ করলে বাংলাদেশের জনগণ তাকেও ছাড় দিবে না।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম উত্তর জেলা যুগ্ম আহ্বায়ক ফাহাদ বলেন, “শুধু শেখ হাসিনার বিচার নয়, বরং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। তাদের হাত থেকে মুক্ত না হলে দেশের ভবিষ্যৎ অন্ধকার।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য চৌধুরী কেফায়েত মাছুম বলেন, “আজ যারা গণতন্ত্র হত্যার দায়ে অভিযুক্ত, তাদের বিচার নিশ্চিত করতে হবে। জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা রেখে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানাই।”
সমাবেশ সঞ্চালনা করেন, জাতীয় নাগরিক কমিটির সন্দ্বীপ উপজেলার প্রতিনিধি মোসলেহ্ উদ্দিন খান জুয়েল।
এসময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন সন্দ্বীপ উপজেলার সহ-সভাপতি মাওলানা মায়ফুল ইসলাম, জাতীয় নাগরিক কমিটির সন্দ্বীপ প্রতিনিধি মিনহাজুর রহমান হয় এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিক্ষোভ সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা শেখ হাসিনার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তারা বলেন, “বাংলাদেশের জনগণ আর স্বৈরশাসন মেনে নেবে না। একনায়কতন্ত্র ও পরিবারতন্ত্রের অবসান ঘটিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।”
