প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, তদন্তে তিন প্রশ্ন

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর শেষে দেশে ফেরার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে কারিগরি ত্রুটির ঘটনায় তদন্ত জোরদার করা হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর শেষে দেশে ফেরার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে কারিগরি ত্রুটির ঘটনায় তদন্ত জোরদার করা হয়েছে। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি মূলত তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজছে। কেন ত্রুটির ইতিহাস থাকা একটি উড়োজাহাজ প্রধানমন্ত্রীর ভিভিআইপি সফরের জন্য নির্বাচন করা হয়েছিল, আগের ত্রুটিগুলো যথাযথভাবে মেরামত করা হয়েছিল কি না এবং জাপানের নারিতা বিমানবন্দরে ত্রুটি সারাতে কেন দীর্ঘ সময় লেগেছিল—এসব বিষয়কে গুরুত্ব দিয়ে তদন্ত চলছে।

তদন্তসংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে দেশে ফেরার প্রস্তুতির সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট ইএ৩৭৭-এ কারিগরি ত্রুটি দেখা দেয়। এ ঘটনায় বিমানের নিজস্ব তদন্ত কমিটির পাশাপাশি সরকারের একাধিক গোয়েন্দা সংস্থাও অনুসন্ধান চালাচ্ছে।

তদন্তের অংশ হিসেবে সংশ্লিষ্ট প্রকৌশলী দল, নারিতা স্টেশনের কান্ট্রি ম্যানেজার এবং বিমানের মেইনটেন্যান্স কন্ট্রোল সেন্টারের কর্মকর্তাদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পাশাপাশি উড়োজাহাজটির কারিগরি নথি, গত তিন থেকে ছয় মাসের লগবুক, ত্রুটি শনাক্তের প্রতিবেদন এবং রক্ষণাবেক্ষণের রেকর্ড পর্যালোচনা করা হচ্ছে।

তদন্তের প্রথম প্রশ্ন, বিমানের বহরে একাধিক সচল উড়োজাহাজ থাকা সত্ত্বেও কেন এস২-এজেওয়াই নিবন্ধনের উড়োজাহাজটি প্রধানমন্ত্রীর সফরের জন্য নির্বাচন করা হয়েছিল। এ ক্ষেত্রে উড়োজাহাজটির অতীতের কারিগরি ত্রুটি, সক্ষমতা এবং বিকল্প উড়োজাহাজ প্রস্তুত রাখার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

দ্বিতীয় প্রশ্নটি উড়োজাহাজটির রক্ষণাবেক্ষণ ও উড্ডয়নযোগ্যতার ছাড়পত্র নিয়ে। আগের ত্রুটিগুলোর বিপরীতে কী ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং কার অনুমোদনে উড়োজাহাজটিকে উড্ডয়নযোগ্য ঘোষণা করা হয়েছিল, তা যাচাই করছে কমিটি।

তৃতীয় প্রশ্নটি নারিতায় মেরামতে দীর্ঘ বিলম্ব নিয়ে। তদন্তসংশ্লিষ্টদের মতে, সাধারণত দুই ঘণ্টার মধ্যে সমাধানযোগ্য ত্রুটি সারাতে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা সময় লাগার কারণ খুঁজে দেখা হচ্ছে। স্থানীয় প্রকৌশলীর অনুপস্থিতি, গ্রাউন্ড সার্ভিস প্রতিষ্ঠানের ওপর নির্ভরতা এবং ঢাকার মেইনটেন্যান্স কন্ট্রোল সেন্টারের সঙ্গে যোগাযোগে কোনো সমন্বয়হীনতা ছিল কি না, তাও পরীক্ষা করা হচ্ছে।

জানা গেছে, প্রাক্‌-উড্ডয়ন পরিদর্শনের পর প্রকৌশলী সাদেকুল ইসলাম উড়োজাহাজটির ছাড়পত্র দেন। তবে রানওয়ের দিকে যাওয়ার সময় ককপিটে স্পয়লার, ফ্ল্যাপ কমান্ড, বাম পাশের পিটোট হিট ও র‍্যাম ফ্যানের ত্রুটির সংকেত দেখা দেয়। পরে ক্যাপ্টেন ইমামুল উড্ডয়ন বাতিল করে উড়োজাহাজটিকে পার্কিং বে-তে ফিরিয়ে নেন।

এ ঘটনায় বিমানের প্রকৌশল বিভাগের পরিচালককে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। চার কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও সময়সীমা আরও তিন কার্যদিবস বাড়ানো হয়েছে। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্তের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানানো হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.