আবারও বর্ষসেরা দেশীয় এয়ারলাইন্স ইউএস-বাংলা
দেশের আকাশপথে যোগাযোগ সম্প্রসারণ এবং বিমান পরিবহন খাতে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ আবারও ‘বর্ষসেরা দেশীয় এয়ারলাইন’ পুরস্কার অর্জন করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
দেশের আকাশপথে যোগাযোগ সম্প্রসারণ এবং বিমান পরিবহন খাতে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ আবারও ‘বর্ষসেরা দেশীয় এয়ারলাইন’ পুরস্কার অর্জন করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। ভ্রমণবিষয়ক পাক্ষিক ‘দ্য বাংলাদেশ মনিটর’ আয়োজিত সম্মাননায় ২০২৬ সালের জন্য ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছে বেসরকারি এই বিমান সংস্থাটি। এর মধ্য দিয়ে দেশের অভ্যন্তরীণ বিমান পরিবহন খাতে নিজেদের অবস্থানের স্বীকৃতি পেল ইউএস-বাংলা।
রোববার (৮ নভেম্বর) রাজধানীর ক্রাউন প্লাজা এয়ারপোর্টে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রতিনিধিদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য নাসের রহমানের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির হেড অব সেলস শফিকুল ইসলাম।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, দ্য বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলমসহ বিমান পরিবহন ও পর্যটন খাতের বিশিষ্ট ব্যক্তিরা।
শুধু প্রধান পুরস্কারই নয়, এবারের আয়োজনে বিভিন্ন ক্যাটাগরিতেও একাধিক স্বীকৃতি অর্জন করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। এর মধ্যে বেস্ট এয়ারপোর্ট সার্ভিস (ডমেস্টিক), পপুলার এয়ারলাইন ব্র্যান্ড ইন বাংলাদেশ এবং বেস্ট ইমপ্রুভড এয়ারলাইন্স বিভাগে গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া বেস্ট শর্ট হোল এয়ারলাইন, বেস্ট ওয়েজ আর্নার ফ্রেন্ডলি এয়ারলাইন, বেস্ট আউটস্ট্যান্ডিং কানেক্টিভিটি সার্ভিস এবং বেস্ট রিজিওনাল এয়ারলাইন বিভাগে সিলভার অ্যাওয়ার্ড অর্জন করেছে।
বিভিন্ন ক্যাটাগরিতে পাওয়া এসব পুরস্কার গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের কাস্টমার সার্ভিস পরিচালক এ কে এম জুনায়েদ, জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম এবং সেন্ট্রাল রিজার্ভেশনের ব্যবস্থাপক ইকবাল আহমেদ।
পুরস্কার অর্জনের প্রতিক্রিয়ায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, এসব স্বীকৃতি প্রতিষ্ঠানের প্রতি যাত্রীদের আস্থা ও ভালোবাসার প্রতিফলন। যাত্রীদের আস্থা ধরে রাখতে এবং সেবার মান আরও উন্নত করতে প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও কাজ করে যাবে।
উল্লেখ্য, দ্য বাংলাদেশ মনিটরের কাছ থেকে এর আগেও একাধিকবার ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন’ পুরস্কার পেয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। ২০২৫, ২০২৪, ২০২৩, ২০২২ ও ২০১৫ সালে প্রতিষ্ঠানটি এ স্বীকৃতি অর্জন করে। ২০২৬ সালের পুরস্কারসহ এ নিয়ে ষষ্ঠবারের মতো বর্ষসেরা দেশীয় এয়ারলাইন্সের সম্মাননা পেল সংস্থাটি।
এ ধরনের ধারাবাহিক স্বীকৃতি দেশের অভ্যন্তরীণ বিমান পরিবহন খাতে ইউএস-বাংলার কার্যক্রম ও যাত্রীসেবার বিষয়টিকে নতুন করে আলোচনায় এনেছে।