দুবাই বিমানবন্দরে ফিরছে আন্তর্জাতিক ফ্লাইট

শীতকালীন ছুটি সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ইউরোপ ও এশিয়ার বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পুনরায় চালু করছে একাধিক বিমান সংস্থা।

শীতকালীন ছুটি সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ইউরোপ ও এশিয়ার বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পুনরায় চালু করছে একাধিক বিমান সংস্থা। অক্টোবরের শেষ থেকে ডিসেম্বর পর্যন্ত ইউরোপের সঙ্গে দুবাইয়ের মধ্যে সপ্তাহে সর্বোচ্চ ৩৬টি ফ্লাইট পুনরায় চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি গ্রিসের এথেন্স, ফিলিপাইনের ম্যানিলা এবং মধ্য এশিয়ার গুরুত্বপূর্ণ গন্তব্যগুলোর সঙ্গে বিমান যোগাযোগও সম্প্রসারিত হচ্ছে।

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শীতকালীন ছুটি ও বছরের শেষের ভ্রমণ মৌসুমে যাত্রীদের চাহিদা বাড়তে পারে। এ কারণে বিভিন্ন বিমান সংস্থা তাদের স্থগিত থাকা রুটগুলোতে আবারও ফ্লাইট পরিচালনার উদ্যোগ নিয়েছে।

ইউরোপীয় রুটে জার্মানির লুফথানসা ২৫ অক্টোবর থেকে দুবাই–মিউনিখ এবং ২৬ অক্টোবর থেকে দুবাই–ফ্রাঙ্কফুর্ট ফ্লাইট চালু করছে। সুইজারল্যান্ডের সুইস এয়ারলাইনস ২৭ অক্টোবর থেকে জুরিখ রুটে দৈনিক ফ্লাইট পরিচালনা করবে। অন্যদিকে, ইউরোউইংস ১ নভেম্বর থেকে বার্লিন, স্টুটগার্ট ও কোলন-বন রুটে ফ্লাইট পুনরায় চালুর পরিকল্পনা করেছে। অস্ট্রিয়ান এয়ারলাইনস ১২ ডিসেম্বর থেকে ভিয়েনা রুটে আবারও ফ্লাইট পরিচালনা করবে।

এ ছাড়া গ্রিসের এজিয়ান এয়ারলাইনস ২৩ অক্টোবর থেকে এথেন্স–দুবাই রুটে ফ্লাইট চালু করেছে। ২৬ অক্টোবর থেকে এই রুটে দৈনিক ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। এসব উদ্যোগের ফলে ইউরোপের গুরুত্বপূর্ণ শহরগুলোর সঙ্গে দুবাইয়ের যোগাযোগ আরও সহজ হবে।

এশিয়ার রুটেও বাড়ছে বিমান চলাচলের সুযোগ। ফিলিপাইন এয়ারলাইনস ২১ অক্টোবর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে পুনরায় কার্যক্রম শুরু করেছে। বর্তমানে ফিলিপাইন এয়ারলাইনস ও সেবু প্যাসিফিক—উভয় সংস্থাই দুবাই–ম্যানিলা রুটে সপ্তাহে চারটি করে ফ্লাইট পরিচালনা করছে। এতে ফিলিপাইনে যাতায়াতকারী প্রবাসী এবং পর্যটকদের জন্য বাড়তি সুবিধা তৈরি হয়েছে।

কাজাখস্তানের এয়ার আস্তানাও দুবাইয়ের সঙ্গে আলমাটির বিমান যোগাযোগ পুনরায় চালু করেছে। পাশাপাশি সৌদি আরবের রিয়াদ এয়ার ২০ জুন থেকে দুবাই–রিয়াদ রুটে বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজ দিয়ে দৈনিক ফ্লাইট পরিচালনা করছে। তুর্কিশ এয়ারলাইনসও ১১ জুন থেকে দুবাই–ইস্তাম্বুল রুটে দৈনিক সরাসরি ফ্লাইট ফিরিয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষের আগের ঘোষণায় বলা হয়েছে, এমিরেটস ও ফ্লাইদুবাইয়ের বাইরে ৪০টিরও বেশি বিমান সংস্থা দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করছে। এসব সংস্থার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও ইউএস-বাংলা এয়ারলাইনসও রয়েছে।

তবে সব রুটে বিমান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়নি। এয়ার ফ্রান্সের দুবাইগামী ফ্লাইট ৩১ অক্টোবর পর্যন্ত এবং কেএলএমের ফ্লাইট ২৪ অক্টোবর পর্যন্ত স্থগিত থাকার কথা জানানো হয়েছে।

এদিকে, সংযুক্ত আরব আমিরাতের স্কুলগুলোর শীতকালীন ছুটি ১৪ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৩ জানুয়ারি পর্যন্ত নির্ধারিত হয়েছে। নতুন বছরের ৪ জানুয়ারি ক্লাস শুরু হওয়ার কথা। ফলে এই সময়ে ভ্রমণ চাহিদা বাড়তে পারে। যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.