নতুন পোশাকে ফিরছে পিআইএর কেবিন ক্রুরা

পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) কেবিন ক্রুদের জন্য নতুন পোশাক উন্মোচন করেছে দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা।

পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) কেবিন ক্রুদের জন্য নতুন পোশাক উন্মোচন করেছে দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা। নতুন এই পোশাক আগামী ৩১ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে ব্যবহার শুরু হবে। লন্ডন থেকে ইসলামাবাদগামী সংস্থাটির সদ্য লিজ নেওয়া বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের উদ্বোধনী ফ্লাইটে প্রথমবারের মতো নতুন পোশাকে দেখা যাবে কেবিন ক্রুদের।

গত ২২ অক্টোবর নতুন পোশাকের নকশা প্রকাশ করে পিআইএ। পাকিস্তানের খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার হাসান শেহেরিয়ার ইয়াসিনের তৈরি নকশা নির্বাচন করেছে সংস্থাটি। নতুন পোশাকের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের ঐতিহ্য, আতিথেয়তা এবং আধুনিক ফ্যাশনের সমন্বিত পরিচয় তুলে ধরার লক্ষ্য নেওয়া হয়েছে।

পিআইএর ভাষ্য অনুযায়ী, দীর্ঘপথের ফ্লাইটে কর্মীদের স্বাচ্ছন্দ্য ও কার্যক্ষমতার কথা বিবেচনায় রেখে পোশাকগুলো তৈরি করা হয়েছে। এতে ব্যবহার করা হয়েছে আরামদায়ক ও বাতাস চলাচলে উপযোগী কাপড়। পাশাপাশি পোশাকের কাটিং ও গঠনে এমনভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে কেবিন ক্রুরা দীর্ঘ সময় দায়িত্ব পালন করতে পারেন এবং স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন।

নতুন পোশাকের নকশা নির্বাচনের জন্য পাকিস্তানের করাচিতে প্রতিযোগিতামূলক আয়োজন করা হয়। এতে অংশ নেন দেশটির একাধিক পরিচিত ফ্যাশন ডিজাইনার ও প্রতিষ্ঠান। তাঁদের মধ্যে ছিলেন মাহিন খান, দীপক ও ফাহাদ, জেনারেশন, ইসমাইল ফরিদ, মুনিব নওয়াজ, দীপক পারওয়ানি, ফারাজ মানান, আমির আদনান এবং নোমি আনসারি। নোমি আনসারির নকশা করা পোশাক গত ১২ বছর ধরে পিআইএর কেবিন ক্রুরা ব্যবহার করে আসছিলেন।

নতুন পোশাকের নকশা মূল্যায়নে অংশ নেন ফ্যাশন, সৌন্দর্য ও পোশাকশিল্পের বিশিষ্ট ব্যক্তিরা। তাঁদের মধ্যে ছিলেন খাদি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা শামুন সুলতান, পোশাক ডিজাইনার নিলোফার শহীদ, সৌন্দর্য বিশেষজ্ঞ নাবিলা, পাকিস্তান ইনস্টিটিউট অব ফ্যাশন অ্যান্ড ডিজাইনের উপাচার্য হিনা তাইয়্যেবা খলিল এবং পিআইএতে ৩৩ বছরের অভিজ্ঞতাসম্পন্ন নাসিম তেহরানি।

পিআইএর পোশাকের ইতিহাসেও রয়েছে আন্তর্জাতিক ফ্যাশন জগতের প্রভাব। ১৯৬৬ সালে ফরাসি ডিজাইনার পিয়েরে কার্দাঁ বিমান সংস্থাটির জন্য বিশেষ ধরনের পোশাক তৈরি করেছিলেন। পরবর্তী সময়ে ব্রিটিশ রাজপরিবারের পোশাক ডিজাইনার স্যার হার্ডি অ্যামিসও ১৯৭০-এর দশকে পিআইএর পোশাকের নকশায় অবদান রাখেন।

নতুন পোশাকের ডিজাইনার হাসান শেহেরিয়ার ইয়াসিন বলেন, জাতীয় পতাকাবাহী বিমান সংস্থার জন্য পোশাক তৈরি করা সম্মান ও গর্বের বিষয়। তাঁর নকশায় পাকিস্তানের ঐতিহ্য ও আতিথেয়তার উষ্ণতা তুলে ধরার পাশাপাশি আধুনিক ফ্যাশনের বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে।

নতুন পোশাক চালুর পাশাপাশি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের উদ্বোধনী ফ্লাইটকে সামনে রেখে আন্তর্জাতিক রুটে নিজেদের নতুনভাবে উপস্থাপনের প্রস্তুতি নিচ্ছে পিআইএ। এতে সংস্থাটির সেবার আধুনিকায়ন ও ব্র্যান্ড পরিচিতি আরও শক্তিশালী করার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.