হংকংয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ দাবি 

হংকংয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ দাবি ।
রাজনৈতিক সংকট উত্তরণে হংকংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ চেয়েছেন গণতন্ত্রপন্থিরা। রোববার এই দাবিতে তারা হংকংয়ের মার্কিন কনস্যুলেটের কাছে মিছিল করেছে।

মিছিলে থাকা অনেকের হাতে ‘প্রেসিডেন্ট ট্রাম্প, দয়া করে হংকংকে রক্ষা করুন,‘হংকংয়ে আবারও মহান করুন’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড ছিল।

১৪ সপ্তাহ ধরে হংকংয়ে সরকারবিরোধী বিক্ষোভ করছেন গণতন্ত্রপন্থিরা। গত সপ্তাহে চীনপন্থি হিসেবে পরিচিত প্রধান নির্বাহী ক্যারি ল্যাম বিক্ষোভকারীদের প্রত্যার্পণ বিল বাতিলের প্রধান দাবিটি মেনে নেওয়ার ঘোষণা দেন। তবে বিক্ষোভকারীরা এবার গণতান্ত্রিক সংস্কারের দাবিতে আন্দোলন করছেন।

রোববারের বিক্ষোভ মিছিলে অনেকের হাতে যুক্তরাষ্ট্রের পতাকাও ছিল। বিক্ষোভকারীরা চীন থেকে হংকংকে স্বাধীন করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে। এমনকি অনেকে যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীতও গেয়েছেন। বিক্ষোভকারীরা ‘পাঁচ দাবির একটিও কম নয়’ বলেও স্লোগান দিয়েছে।

শনিবার আন্দোলনের প্রতি বিশ্বের মনোযোগ আকর্ষণের জন্য বিক্ষোভকারীরা হংকংয়ের আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের চেষ্টা চালিয়েছিলেন। তবে পুলিশ আগে থেকেই সেখানে অবস্থান নেয় এবং বিমানের টিকেট ছাড়া কাউকে বিমানবন্দরে প্রবেশ করতে দেয় নি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.