বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, যুক্তরাজ্যের রেডলাইন অ্যাভিয়েশন সিকিউরিটি লিমিটেডকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সার্বিক নিরাপত্তার দায়িত্ব দেয়ার ক্ষেত্রে কোনো চাপ ছিল না। যথাযথ নিয়ম মেনেই এ নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়ন করা হয়েছে।
মঙ্গলবার নভো এয়ারের নতুন তিনটি এয়ারক্রাফট উদ্বোধনের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মেনন বলেন, ‘রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে সরাসরি ক্রয় করার বিধি রয়েছে। পিপিআরের সেই ৬৮ বিধি অনুযায়ী আইন মেনেই প্রক্রিয়াটি বাস্তবায়ন করা হয়েছে।’
অভিযোগ উঠেছে, কোনো ধরনের আন্তর্জাতিক দরপত্র ছাড়া চাপের মুখে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাপনা ও প্রশিক্ষণের কাজ দেয়া হয়েছে।
এ বিষয়ে মন্ত্রী বলেন, ‘আমি মনে করি না কোনো চাপ আছে। অনেকগুলো কোম্পানির নাম এসেছিল। তাদের থেকে যারা আমাদের সময় মতো সার্ভিস দিতে পারবে, তাদের সঙ্গেই যোগাযোগ করেছি।’
প্রসঙ্গত, সোমবার বিকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা প্রদানে যুক্তরাজ্যের সিকিউরিটি প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি অনুষ্ঠিত হয়।
চুক্তির আওতায় আগামী দুই বছর বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে রেডলাইন।