চীনে পণ্য রপ্তানিতে নতুন কড়াকড়ি আরোপ যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র, চীনে পণ্য রপ্তানির ব্যাপারে নতুনভাবে কড়াকড়ি আরোপ করেছে। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ করে বেসামরিক বিমান তৈরির উপাদান রপ্তানির বিষয়ে কড়া নিয়ম চালু করছে যুক্তরাষ্ট্র।

চীনে সামরিক সরঞ্জাম রপ্তানির ক্ষেত্রে মার্কিন কম্পানির লাইসেন্স থাকতে হবে। এমনকি বেসামরিক ব্যবহারের জিনিসপত্র রপ্তানির ব্যাপারেও লাইসেন্স বাধ্যতামূলক।

নীতিমালায় হুট করেই পরিবর্তন আসার ফলে চীনে সেমি-কন্ডাক্টর রপ্তানিকারক প্রতিষ্ঠান এবং বেসামরিক বিমানের বিভিন্ন যন্ত্রাংশ রপ্তানিকারকরা বেশি ক্ষতিগ্রস্থ হবে।

মার্কিন বাণিজ্য সচিব উইলবার রোজ এ ব্যাপারে বলেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে একটি খাতের জন্য পণ্য কিনে অন্য খাতে ব্যবহারের ইতিহাস রয়েছে। এসব ব্যাপারে চিন্তা করাটা জরুরি।

এ ব্যাপারে ওয়াশিংটন বাণিজ্য বিষয়ক আইনজীবী কেভিন উলফ বলেন, বেসামরিক হিসেবে ব্যবহারের কথা বললেও চীনে বহু ক্ষেত্রে সামরিক কাজে এসব পণ্য ব্যবহার হচ্ছে।

তিনি আরো বলেন, চীনের কোনো গাড়ির প্রতিষ্ঠান যদি সামরিক গাড়ি সারিয়ে দেয়, তাহলে সেটি তো সামরিক বাহিনীর হয়েই কাজ করছে। অথচ, সামরিক বাহিনীর জন্য ব্যবহারের ওই পণ্যটি বেসামরিক হিসেবে সে দেশে আমদানি করা হয়েছে।

সামরিক বাহিনীর হয়ে কাজ করা প্রতিষ্ঠানটি কিন্তু সামরিক বাহিনীর নয়। কম্পানিগুলো বেসামরিক খাতে ব্যবহারের জন্য পণ্য আমদানি করে সামরিক খাতে ব্যবহার করে।

সে কারণে, চীনে পণ্য আমদানির ক্ষেত্রে কেবল সে দেশের সরকারের অনুমোদন থাকলেই চলবে না, মাকিন প্রশাসনেরও অনুমোদন নিতে হবে। করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার জেরে চিকিৎসা বিষয়ক সরঞ্জাম আমদানি রপ্তানি নিয়ে নতুনভাবে টানাপড়েনের মধ্যে এ ধরনের কড়াকড়ি আরোপ করল যুক্তরাষ্ট্র।

সূত্র : আল-জাজিরা

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.