কাতার এয়ারওয়েজের বহরে নতুন উড়োজাহাজ
কাতার এয়ারওয়েজ ২০২৬ সালের শেষ নাগাদ এয়ারবাসের নতুন প্রজন্মের এ৩২১এলআর উড়োজাহাজ বহরে যুক্ত করার প্রস্তুতি নিচ্ছে।
কাতার এয়ারওয়েজ ২০২৬ সালের শেষ নাগাদ এয়ারবাসের নতুন প্রজন্মের এ৩২১এলআর উড়োজাহাজ বহরে যুক্ত করার প্রস্তুতি নিচ্ছে। দীর্ঘপাল্লার সক্ষমতাসম্পন্ন এই উড়োজাহাজে উন্নত বিজনেস ক্লাস আসনও থাকবে। এর মাধ্যমে ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন গন্তব্যে যাত্রীসেবা সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।
বর্তমানে কাতার এয়ারওয়েজের কাছে এয়ারবাসের এ৩২১ পরিবারের মোট ৫০টি নতুন উড়োজাহাজের ক্রয়াদেশ রয়েছে। এর মধ্যে ১০টি এ৩২১এলআর এবং ৪০টি এ৩২১নিও। পরিকল্পনা অনুযায়ী, প্রথম এ৩২১এলআর ২০২৬ সালের শেষ হওয়ার আগেই সরবরাহ পাওয়ার কথা রয়েছে। এরপর পর্যায়ক্রমে বাকি উড়োজাহাজগুলো বহরে যুক্ত হবে।
এ৩২১এলআর একবার জ্বালানি নিয়ে সর্বোচ্চ প্রায় ৪ হাজার নটিক্যাল মাইল পর্যন্ত উড়তে সক্ষম। ফলে দোহাকে কেন্দ্র করে ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন গন্তব্যে উড়োজাহাজটি ব্যবহার করা সম্ভব। তবে প্রকৃত উড্ডয়ন দূরত্ব নির্ভর করবে বাতাসের গতিপ্রকৃতি, জ্বালানির সংরক্ষিত পরিমাণ এবং পরিচালনাগত বিভিন্ন শর্তের ওপর।
কাতার এয়ারওয়েজের এ৩২১ পরিবারের উড়োজাহাজ কেনার পরিকল্পনা অবশ্য বেশ পুরোনো। ২০১১ সালে প্রথম এই ক্রয়াদেশ ঘোষণা করা হয় এবং ২০১৭ সালে তা পুনর্নিশ্চিত করার পাশাপাশি বাড়ানো হয়। পরে এয়ারবাসের সঙ্গে এ৩৫০ উড়োজাহাজের উৎপাদনমান নিয়ে বিরোধের জেরে দুই প্রতিষ্ঠানের মধ্যে আইনি লড়াই শুরু হয়। বিরোধের কারণে উড়োজাহাজ সরবরাহের সূচি ব্যাহত হয় এবং শেষ পর্যন্ত এ৩২১ পরিবারের উড়োজাহাজগুলো প্রত্যাশার তুলনায় অনেক দেরিতে বহরে যুক্ত হওয়ার পর্যায়ে পৌঁছায়।
এদিকে, নতুন এ৩২১এলআর উড়োজাহাজের বিজনেস ক্লাসে বিশেষ আসন বসানোর পরিকল্পনা করেছে কাতার এয়ারওয়েজ। সংস্থাটির প্রধান নির্বাহী হামাদ আলী আল-খাতেরের বক্তব্য অনুযায়ী, এতে স্টেলিয়া অ্যারোস্পেসের ‘অপেরা’ আসনব্যবস্থা ব্যবহার করা হবে।
পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি উড়োজাহাজে বিজনেস ক্লাসের জন্য ১৬টি আসন থাকবে। আসনগুলো এক-এক বিন্যাসে স্থাপন করা হবে, যাতে প্রত্যেক যাত্রী সরাসরি চলাচলের সুবিধা পান। আসনগুলোতে ব্যক্তিগত দরজাও থাকবে, যা যাত্রীদের গোপনীয়তা ও আরাম বাড়াবে।
স্টেলিয়া অ্যারোস্পেসের এই আসনব্যবস্থা ইতোমধ্যে এয়ার ফ্রান্স, আইটিএ এয়ারওয়েজ ও ইতিহাদ এয়ারওয়েজের উড়োজাহাজে ব্যবহৃত হচ্ছে। তবে কাতার এয়ারওয়েজের বিশেষ সংস্করণে ব্যক্তিগত দরজা যুক্ত করার পরিকল্পনা এটিকে আরও স্বতন্ত্র করে তুলবে।
নতুন উড়োজাহাজ ও উন্নত আসনব্যবস্থার মাধ্যমে কাতার এয়ারওয়েজ স্বল্প ও মাঝারি দূরত্বের পাশাপাশি দীর্ঘপাল্লার রুটেও যাত্রীদের উন্নত সেবা দেওয়ার সুযোগ পাবে। তবে কোন কোন রুটে এ৩২১এলআর পরিচালনা করা হবে, তা এখনো নির্দিষ্টভাবে জানানো হয়নি।