বিশ্ব এভিয়েশনে নতুন রুটের ছড়াছড়ি, বাড়ছে বিমানভাড়ার শঙ্কা

১৮ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বিশ্ব এভিয়েশন খাতে নতুন রুট চালু, বিমানবন্দর সম্প্রসারণ, এয়ারলাইনসের ব্যবসায়িক পরিকল্পনা এবং উড়োজাহাজ পরিচালন ব্যয় বৃদ্ধি নিয়ে ব্যস্ত সময় পার করেছে আন্তর্জাতিক বিমান চলাচল শিল্প।

১৮ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বিশ্ব এভিয়েশন খাতে নতুন রুট চালু, বিমানবন্দর সম্প্রসারণ, এয়ারলাইনসের ব্যবসায়িক পরিকল্পনা এবং উড়োজাহাজ পরিচালন ব্যয় বৃদ্ধি নিয়ে ব্যস্ত সময় পার করেছে আন্তর্জাতিক বিমান চলাচল শিল্প। একদিকে নতুন গন্তব্যে ফ্লাইট চালুর উদ্যোগ, অন্যদিকে জ্বালানির বাড়তি দাম ও ভূরাজনৈতিক অস্থিরতা এ খাতের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।

গত ২১ অক্টোবর ইতিহাদ এয়ারওয়েজ আবুধাবি থেকে লুক্সেমবার্গে সরাসরি ফ্লাইট চালু করেছে। এর মাধ্যমে প্রথম মধ্যপ্রাচ্যভিত্তিক এয়ারলাইনস হিসেবে দেশটিতে যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা শুরু করেছে সংস্থাটি। পাশাপাশি ২৫ অক্টোবর থেকে আবুধাবি–ক্যালগারি রুটে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে ইতিহাদের।

জার্মানির লুফথানসা গ্রুপ ২০২৭ সালের গ্রীষ্মকালীন মৌসুমে নতুন আন্তর্জাতিক ও ইউরোপীয় রুট চালু এবং ফ্লাইটের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা ঘোষণা করেছে। দেশটির আরেক এয়ারলাইনস কনডরও উড়োজাহাজের বহর সম্প্রসারণের মাধ্যমে প্রায় ২০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করেছে। তবে জার্মানিতে পরিচালন ব্যয় বেশি হওয়ায় এই পরিকল্পনা বাস্তবায়নে চ্যালেঞ্জ রয়েছে।

যুক্তরাষ্ট্রে নতুন রুট সম্প্রসারণের সুযোগ খুঁজছে মেক্সিকোর রাষ্ট্রীয় বিমান সংস্থা অ্যারোমেক্সিকো। দেশটির রাজধানী মেক্সিকো সিটি থেকে যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটের ওপর বিধিনিষেধ শিথিল হওয়ায় নতুন গন্তব্য চালুর সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এসব রুটের সবগুলো এখনো চূড়ান্ত হয়নি।

এদিকে, হাওয়াইয়ান এয়ারলাইনস ২০২৭ সালের মে মাস থেকে যুক্তরাষ্ট্রের সিয়াটল থেকে জাপানের ওসাকায় সপ্তাহে চারটি এবং জুন থেকে তাহিতির পাপিতিতে সপ্তাহে তিনটি ফ্লাইট চালুর পরিকল্পনা করেছে। কাতার এয়ারওয়েজও ২০২৭ সালের ডিসেম্বর থেকে অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি বিমানবন্দরে দোহা থেকে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা জানিয়েছে।

ইউরোপ ও এশিয়ায় আরও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে। ফিনএয়ার ২৫ অক্টোবর থেকে ব্যাংকক হয়ে মেলবোর্নে দৈনিক ফ্লাইট চালুর পরিকল্পনা করেছে। ১১ বছর বিরতির পর লন্ডন গ্যাটউইক থেকে কলম্বো রুটে ফ্লাইট ফিরিয়েছে ব্রিটিশ এয়ারওয়েজ। সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইনস জুরিখ–বেঙ্গালুরু রুট চালুর প্রস্তুতি নিচ্ছে।

তবে এভিয়েশন খাতে ব্যয় বৃদ্ধির চাপও বাড়ছে। রায়ানএয়ারের প্রধান নির্বাহী মাইকেল ও’লিয়ারি সতর্ক করেছেন, আগামী এক বছরে ইউরোপে বিমানভাড়া ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। জ্বালানির মূল্যবৃদ্ধি ও ফ্লাইট পরিচালনার সক্ষমতা কমে যাওয়াকে এর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

একই সময়ে ইউরোপের কয়েকটি এয়ারলাইনস শীতকালীন সূচিতে ফ্লাইট ও আসনসংখ্যা কমিয়েছে। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক অস্থিরতা এবং আকাশসীমায় বিধিনিষেধের কারণে বিভিন্ন সংস্থাকে রুট পরিবর্তন করতে হচ্ছে। এতে জ্বালানি খরচ ও ভ্রমণের সময় বাড়ছে।

এদিকে, ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত রুটস ওয়ার্ল্ড পুরস্কার ২০২৬-এ ইতালির রোম ফিউমিচিনো বিমানবন্দর সামগ্রিক বিজয়ী হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.

EN