দেশে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে গত ২৬ মার্চ সরকার সাধারণ ছুটি ঘোষণা করলে পুঁজিবাজারে লেনদেনও সেদিন থেকে বন্ধ হয়।
আগামী ১০ মে থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ লেনদেন চালু করতে চাইলেও নিয়ন্ত্রক সংস্থার অনুমতি মেলেনি। ফলে সরকারি ছুটির সঙ্গে মিল রেখে ১৬ মে পর্যন্তই বন্ধ থাকছে পুঁজিবাজার।
সম্প্রতি সরকার লকডাউনের কিছু বিধি নিষেধ শিথিল করলে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ ১০ মে থেকে পুঁজিবাজার খুলতে বিএসইসির অনুমতি চায়।
কিন্তু সেই অনুমতি না মেলায় সরকার ঘোষিত বর্ধিত ছুটির সঙ্গে সঙ্গতি রেখে ১৬ মে পর্যন্তই বন্ধ থাকছে দুই পুঁজিবাজারে লেনদেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) উপ-মহাব্যবস্থাপক শফিকুর রহমান এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড মার্কেটিংয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা তানিয়া বেগম বলেন, সরকার ছুটি ১৬ মে পর্যন্ত বাড়িয়েছে। তার সঙ্গে সঙ্গতি রেখে দুই পুঁজিবাজারের সমস্ত কার্যক্রম ১৬ মে পর্যন্ত বন্ধ থাকবে৷