সরকারি ফান্ডে যাকাত দেওয়ার আহ্বান জানিয়েছে, ইসলামিক ফাউন্ডেশন

ইসলামিক ফাউন্ডেশন সরকারি যাকাত ফান্ডে যাকাত দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার ফাউন্ডেশনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। খবর ইউএনবির।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস এই মহামারির প্রাদুর্ভাব কমাতে সরকারি নির্দেশ অনুযায়ী সব মানুষের ঘরে থাকা বাধ্যতামূলক করা হয়েছে। ফলে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল জনগোষ্ঠী কর্মহীন ও রোজগারহীন অবস্থায় পতিত হয়েছে। বিশেষ করে গরীব ও নিম্নআয়ের অনেক মানুষ কর্মহীন হয়ে মানবেতর জীবন-যাপন করছেন। ইতিমধ্যে সরকার অসহায়, দুস্থদের সহায়তায় বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে ও তাদের জন্য বিশেষ অর্থ বরাদ্দ ও ত্রাণের ব্যবস্থা করে হয়েছে। এই সংকটকালীন পরিস্থিতিতে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকেও সরকারি যাকাত ফান্ডের অর্থ যারা কর্মহীন হয়ে অসহায়, মানবেতর জীবন-যাপন করছেন তাদের কল্যাণে ব্যয় করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, সরকারি যাকাত ফান্ডে প্রাপ্ত অর্থ‍ সবসময় যথাযথভাবে ইসলামি শরিয়াহ মোতাবেক ব্যয় করা হয়ে থাকে। এই অর্থ প্রতি বছর অসহায়-দুস্থদের আত্মকর্মসংস্থান, শিশু হাসপাতালে চিকিৎসা কার্যক্রম, শিক্ষাবৃত্তি প্রদান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের সহায়তা, বৃক্ষরোপন কার্যক্রম, প্রতিবন্ধীদের পুনর্বাসন, দুস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ কার্যক্রমসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে ব্যয় করা হয়ে থাকে।

সরকারি যাকাত ফান্ডে জমাকৃত অর্থ আয়করমুক্ত উল্লেখ করে বিজ্ঞপ্তি বলা হয়, যাকাত প্রদানে সক্ষম যে কেউ ইসলামিক ফাউন্ডেশনের এই উদ্যোগের সঙ্গে সামিল হতে পারেন। সরকারি যাকাত ফান্ডে যাকাতের অর্থ প্রদান করে দেশের এই সংকটকালে আর্তমানবতার সেবায় এগিয়ে আসার জন্য দেশের বিত্তবান ও অবস্থাসম্পন্ন ব্যক্তিদের বিশেষভাবে অনুরোধ জানাই।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.