আবুধাবি থেকে মায়োর্কায় প্রথম ফ্লাইট পরিচালনা শুরু করল ইতিহাদ এয়ারওয়েজ
আন্তর্জাতিক ডেস্ক
সংযুক্ত আরব আমিরাতের জাতীয় বিমান সংস্থা ইতিহাদ এয়ারওয়েজ স্পেনের জনপ্রিয় পর্যটন দ্বীপ মায়োর্কার সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ শুরু করেছে। আবুধাবি থেকে পরিচালিত এয়ারলাইন্সটির প্রথম ফ্লাইট সফলভাবে মায়োর্কায় অবতরণ করেছে, যা ভূমধ্যসাগরীয় এই পর্যটন গন্তব্যে নতুন গ্রীষ্মকালীন সংযোগের সূচনা করল।
ইতিহাদ এয়ারওয়েজ এক বিবৃতিতে জানায়, নতুন এই রুটের মাধ্যমে যাত্রীরা স্পেনের বালেয়ারিক দ্বীপপুঞ্জের অন্যতম আকর্ষণীয় গন্তব্য মায়োর্কার সোনালি সৈকত, মনোমুগ্ধকর দ্বীপজীবন এবং ভূমধ্যসাগরীয় সংস্কৃতির অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।
প্রথম ফ্লাইট উপলক্ষে বিমানের ভেতরে বিশেষ আয়োজন করা হয়। মায়োর্কায় পৌঁছানোর পর যাত্রীদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এ উপলক্ষে ইতিহাদ কর্তৃপক্ষ নতুন এই রুটকে আবুধাবি ও ইউরোপের অন্যতম জনপ্রিয় অবকাশযাপন কেন্দ্রের মধ্যে সংযোগ জোরদারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে।
পর্যটন সংশ্লিষ্টদের মতে, গ্রীষ্মকালীন ভ্রমণ মৌসুমে মায়োর্কা ইউরোপের অন্যতম আকর্ষণীয় গন্তব্য। নতুন এই ফ্লাইট চালুর ফলে মধ্যপ্রাচ্য ও এশিয়ার যাত্রীদের জন্য স্পেনের দ্বীপাঞ্চলে ভ্রমণ আরও সহজ ও সুবিধাজনক হবে।
ইতিহাদ এয়ারওয়েজ জানিয়েছে, যাত্রীরা এখন থেকেই আবুধাবি-মায়োর্কা রুটের টিকিট বুক করতে পারবেন। নতুন এই রুট এয়ারলাইন্সটির আন্তর্জাতিক নেটওয়ার্ক সম্প্রসারণের ধারাবাহিক প্রচেষ্টার অংশ।
বিশ্বজুড়ে নতুন নতুন গন্তব্য যুক্ত করার মাধ্যমে যাত্রীদের আরও বিস্তৃত ভ্রমণ সুবিধা দেওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে ইতিহাদ এয়ারওয়েজ। মায়োর্কায় প্রথম ফ্লাইট পরিচালনা সেই যাত্রারই নতুন একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে
